পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য, নায়িকাকে ঠোঁটঠাসা চুমু মানেই উঠে আসে অভিনেতা ইমরান হাশমির নাম। বলিউডে এক সময় তাঁর জুটেছিল 'সিরিয়াল কিসার' তকমা। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত এটাই যেন ইমরানের পরিচয় হয়ে দাঁড়ায়। তবে এরই মধ্যে একটি ছবিতে ইমরানের চুমু রেকর্ড করে। 'রাজ ৩' ছবিতে টানা ২০ মিনিট চুমুর দৃশ্য করে রেকর্ড করেছিলেন নায়ক। 

২০১২ সালের বলিউড ছবি 'রাজ ৩' মুক্তির পর নানা কারণেই আলোচনায় আসে। ভৌতিক-রোম্যান্টিক এই ছবিতে অভিনয় করেছিলেন ইমরান হাশমি, ইশা গুপ্তা এবং বিপাশা বসু। তবে গল্প বা ভয়াবহতার পাশাপাশি সবচেয়ে বেশি চর্চা হয় একটি বিশেষ দৃশ্যকে ঘিরে। ইমরান ও ইশার অন-স্ক্রিন কিসিং সিন।

ইমরান হাশমির কেরিয়ারে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। কিন্তু এই ছবিতে তাঁর ও ইশা গুপ্তর একটি চুম্বনের দৃশ্য নাকি প্রায় ২০ মিনিট ধরে শুট করা হয়েছিল, এমনই দাবি বিভিন্ন রিপোর্টে উঠে আসে। যদিও এই সময়টা আসলে একটানা পর্দায় দেখানো হয়নি, বরং শ্যুটিংয়ের সময় দীর্ঘ টেক ও একাধিক রিটেক মিলিয়ে সময়টা এতটা লম্বা হয়েছিল বলে শোনা যায়।

এই খবর প্রকাশ্যে আসার পরই দর্শকের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই মনে করেন, এটি বলিউডের ইতিহাসে অন্যতম দীর্ঘ কিসিং সিন। তবে পরিচালক বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিয়ে খুব বেশি ব্যাখ্যা দেওয়া হয়নি।

ছবির প্রেক্ষাপট ছিল গ্ল্যামার দুনিয়ার অন্ধকার দিক, প্রতিযোগিতা, ঈর্ষা এবং সমাজের আরও নানা অজানা গল্পের মিশ্রণ। সেই গল্পের প্রয়োজনে ইমরান ও ইশার চরিত্রের মধ্যে ঘনিষ্ঠতা দেখানো হয়েছিল। ফলে এই ধরনের দৃশ্য ছবির অংশ হিসেবেই পরিকল্পিত ছিল, আলাদা করে চমক তৈরির জন্য নয়, এমনটাই মনে করেন অনেক সিনেসমালোচক।

অন্যদিকে, ইশা গুপ্তার জন্য এটি ছিল বলিউডে শুরুর দিকের একটি বড় ছবি। এমন সাহসী দৃশ্যে অভিনয় করে তিনি বেশ আলোচনায় চলে আসেন। ইমরানের সঙ্গে তাঁর রসায়নও দর্শকদের নজর কাড়ে। 'রাজ ৩' ছবির এই বিতর্কিত ও আলোচিত দৃশ্যটি আজও সিনেমাপ্রেমীদের আলোচনায় ফিরে আসে। যদিও ২০ মিনিটের কিসিং দৃশ্যের দাবি নিয়ে সন্দেহ থেকেই যায়, তবে এটি বলিউডের অন্যতম ‘টক অফ দ্য টাউন’ ঘটনা হিসেবে জায়গা করে নিয়েছে।