'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ডোনা ভৌমিক। অল্প দিন চললেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শক মহলে ব্যাপক ছিল। নায়িকা 'ডায়মন্ড'কে তাই আজও মনে রেখেছেন দর্শক। এই ধারাবাহিক শেষ হওয়ার পর ডোনাকে পর্দায় সেভাবে আর দেখা যায়নি। একদিকে যখন অভিনেত্রীর ফেরার অপেক্ষায় আছেন অনুরাগীরা, অন্যদিকে আরেক সুখবর নিয়ে হাজির তিনি। নতুন কাজ নয়, জীবনের নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিলেন ডোনা।
সমাজমাধ্যমে নিজের পাকা দেখার ছবি ভাগ করেছেন নায়িকা। জানিয়েছেন ইতিমধ্যেই বিয়ের জন্য পাকা দেখা সেরে ফেলেছেন তাঁরা। প্রেমিক সায়ন্তন মুখার্জির সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন ডোনা। সমাজমাধ্যমে দু'জনের আদুরে ছবি দেখে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে নেটিজেনরা। শুভেচ্ছা জানিয়েছেন ডোনার সহকর্মীরাও।
গত বছর সমাজমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি ভাগ করেছিলেন অভিনেত্রী। প্রেমিক সায়ন্তনের জন্মদিনে আদুরে পোস্ট করেছিলেন ডোনা। নিজেদের একসঙ্গে কাটানো কয়েকটি মুহূর্তের ছবি ভাগ করে প্রেমিককে একরাশ শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। তখন এও জানিয়েছিলেন, সায়ন্তন শুধু তাঁর প্রেমিক নন, হবু স্বামীও বটে।
সায়ন্তন ও ডোনার দীর্ঘদিনের সম্পর্ক। খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে তাঁদের। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন জুটিতে।ইতিমধ্যেই বিয়ের তোরজোড় জোরকদমে চলছে বলে আজকাল ডট ইন-কে জানিয়েছেন ডোনা।
নতুন কনের কথায়, "এনগেজমেন্টের আয়োজন থেকে শুরু করে বিয়ের কেনাকাটা সব প্রায় শেষ। দেড় বছর ধরেই চলছে আয়োজন। বিয়েটার সাজ থেকে শুরু করে মেন্যু সবটাই ফিউশনের ছোঁয়া থাকবে। আমার শাড়ির রং লাল হলেও বেনারসি নয়, ডিজাইনার শাড়ি পরছি। আর রিসেপশনের দিন মর্ডান লুক হলেও মেন্যুতে একদম বাঙালি খাবার থাকবে।"















