বাংলা সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেন জিৎ৷ অবাঙালি হলেও তাঁর ভাষায় অভিনয়ে কোথাও কোনও বাঙালিয়ানার কমতি নেই৷ ভোটের আবহে সুপারস্টারকে ঘিরে শুরু নতুন বিতর্ক৷
রাজনীতি থেকে দূরে থাকতেই পছন্দ করেন জিৎ৷ বঙ্গে ভোটের উত্তাপ যখন ক্রমশ বাড়ছে সেই সময় সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল৷ ভাইরাল সেই পোস্টে লেখা জিৎ শাসকদলের কাজে খুশি নন৷ বাম জমানায় বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুকেই শ্রেষ্ঠ মনে করেন৷
জিৎ সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন এই পোস্টটির সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
জিৎ লিখেছেন, " আমি স্পষ্ট ভাবে জানাতে চাই, আমার নামে বর্তমানে সামাজিক মাধ্যমে যে রাজনৈতিক বক্তব্যটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। আমি এ ধরনের কোনো মন্তব্য করিনি৷"
জিৎ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কারও হয়ে রাজনৈতিক প্রচার করেননি কখনও সে কথাও স্পষ্ট ভাবে জানিয়েছেন৷ জিৎ লিখেছেন " আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, আমি কোনোদিন কারোর হয়ে প্রচার করিনি৷"
যাচাই না করে মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেছেন জিৎ৷
রাজনীতিতে আসার বিষয়ে জিৎ বহুবার বলেছেন, অভিনয় নিয়ে থাকতেই তিনি পছন্দ করেন৷ রাজনীতির বিষয় তিনি জানেন না৷
কে বা কারা এই ভুয়ো তথ্য সমাজমাধ্যমে ছড়িয়েছে সেই বিষয় জানা যায়নি৷ তবে জিৎ এর নাম জড়িয়ে ভোটের আবহে যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সেটা যে সম্পূর্ণ মিথ্যা তা জানিয়ে দিলেন জিৎ৷















