নিজস্ব সংবাদদাতা: ২১ তম 'থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সম্মানিত পরিচালক শমীক রায়চৌধুরী। 'বেলাইন' ছবির জন্য 'সেরা পরিচালক'-এর পুরস্কার জিতেছেন তিনি। মুম্বইতে আয়োজিত এই ফেস্টিভ্যালে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়ে ৮৫০টি ছবি। সেই প্রতিযোগিতায় জয়ী হয়েছে শমীকের 'বেলাইন'।

 


সূত্রের খবর, মুম্বইতে ছবিটির তিনটি প্রদর্শনীর সময় দর্শকদের অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। প্রেক্ষাগৃহ ভর্তি দর্শক ছবিটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। চলচ্চিত্রপ্রেমী এবং সমালোচকরা 'বেলাইন'-এর প্রশংসায় আগেও পঞ্চমুখ হয়েছেন।

 

প্রসঙ্গত, 'বেলাইন'-এ মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য এবং তথাগত মুখোপাধ‌্যায়। ছবির কেন্দ্রীয় চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় এক বৃদ্ধের ভূমিকায়। যার পৃথিবী বলতে তার ঘর, একটা টিভি আর একটা টেলিফোন। টিভিতে সিরিয়াল দেখা তার অবসরের রসদ। আর রসদ হল ক্রস কানেকশন। হঠাৎই একদিন এক দম্পতির বাড়ির ল্যান্ডলাইন-এর সঙ্গে সংযোগ ঘটে। ফোনে আড়ি পেতে নানা বিষয় নজরে আসতে শুরু করে তার। এরপর ঘটে এক কাণ্ড! কীভাবে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয় ছবির প্রতিটি চরিত্র, তা নিয়েই এগোয় গল্প।