বিশ্বমঞ্চ কাঁপিয়ে এবার নিজের ঘরের দর্শকদের মন জয় করতে আসছে বাংলা ছবি ‘পিঞ্জর’। আগামী ১০ জুলাই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। চেজিং ড্রিমস ফিল্মস প্রযোজিত এবং বেল জার ফিল্মসের সহযোগিতায় নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন ড. রুদ্রজিৎ রায়। বিভিন্ন নামী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর, এবার বড়পর্দায় ছবিটি দেখার অপেক্ষায় দর্শক।
এই ছবিটি মূলত মনের কথা বলে। সমাজের চাপিয়ে দেওয়া অদৃশ্য নিয়মের খাঁচা এবং মানসিক টানাপোড়েনের কাহিনি দেখা যাবে ছবিতে। ছবির আবেগকে আরও গভীরভাবে দর্শকদের হৃদয়ে পৌঁছে দিতে আবহসঙ্গীতের দায়িত্ব সামলেছেন রাতুল শঙ্কর। ছবিতে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, মমতা শঙ্কর, সাগ্নিক মুখার্জি, মল্লিকা ব্যানার্জি, তথাগত মুখার্জি, শতাক্ষী নন্দী, ঈশান মজুমদার, সামিউল আলম এবং স্বস্তীদীপা রবিদাসের মতো তারকারা।

প্রেক্ষাগৃহে আসার আগেই বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল করেছে ‘পিঞ্জর’। ছবিটি ইতিমধ্যেই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, মনট্রিয়ল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ সিডনি এবং টরন্টো ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এছাড়া এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনা, লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, এবং থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও এটি দারুণ সাড়া ফেলেছে।

ছবি প্রসঙ্গে পরিচালক রুদ্রজিৎ বলেন,"পিঞ্জর আসলে আমাদের চারপাশের সেই অদৃশ্য খাঁচাগুলোর কথা বলে, যার মধ্যে আমরা প্রতিদিন মানসিক ও সামাজিকভাবে বন্দি হয়ে বাঁচি। বিশ্বমঞ্চে সিনেমাটি যে ভালবাসা পেয়েছে, তা আমাদের পুরো টিমের পরিশ্রমকে সার্থক করেছে।"















