রণবীর সিংহের ধুরন্ধর: দ্য রিভেঞ্জ বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে৷ ব্যস্ততার ভিড়ে সিনেমাহলে গিয়ে দেখতে পারেননি 'ধুরন্ধুর'? এবার আরও এক সুখবর৷ বাড়ি বসেই দেখতে পাবেন 'ধুরন্ধর'৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্যান্য সমস্ত সফল সিনেমার ক্ষেত্রে যেমন ওটিটি রিলিজ মানেই নেটফ্লিক্স, এক্ষেত্রে তেমন নয়। 'ধুরন্ধর ২' নেটফ্লিক্সে আসছে না৷ জিও হটস্টারে দেখা যাবে 'ধুরন্ধর ২'। 

দেড়শো কোটিতে ডিজিটাল রাইটস কিনেছে জিও হটস্টার৷ স্টার গোল্ড কিনেছে ধুরন্ধর এর টেলিভিশন স্যাটেলাইট রাইটস৷ 

সূত্রের খবর আইপিএল শেষ হলেই ওটিটিতে আসবে ধুরন্ধর। যদিও কোনও তারিখ এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। মনে করা হচ্ছে মে মাসে শেষ অথবা জুন মাসের শুরুতে ওটিটিতে আসছে ধুরন্ধর। 

মার্চ মাসের ১৯ তারিখ ধুরন্ধর মুক্তি পেয়েছে৷ ২১ দিনে এই ছবি ভারতে ১০৪১ কোটির ব্যবসা করেছে৷ বিশ্বজুড়ে ছবির মোট আয় প্রায় ১৬৫৩ কোটি টাকা। সাম্প্রতিককালে বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া বলিউড ছবি ধুরন্ধর৷

আদিত্য ধরের পরিচালনায় এই ছবিতে হামজা আলির ভূমিকায় রণবীর সিংহের অভিনয় প্রশংসিত হয়েছে৷ সেই সঙ্গে সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল সহ প্রতিটি চরিত্র আলাদা আলাদা গুরুত্ব পেয়েছে৷