জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জ্যাসমিন স্যান্ডলাসের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৭ ফেব্রুয়ারি তাঁর কনসার্ট চলাকালীন এক ঘটনায় তিনি মাঝপথে অনুষ্ঠান থামিয়ে দেন। অভিযোগ, দর্শকাসনে উপস্থিত কয়েকজন পুরুষ কিছু মহিলাকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি নজরে আসতেই মঞ্চ থেকেই কড়া অবস্থান নেন শিল্পী।
ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওয় দেখা যায়, গান শুরু করার কিছুক্ষণ পরই জ্যাসমিন হঠাৎ থেমে নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে বলেন, “সিকিউরিটি, দয়া করে এই দু’জনকে বার করে দিন। ওরা মেয়েদের বিরক্ত করছে।” এরপর তিনি পাঞ্জাবিতে দর্শকদের উদ্দেশ্যে জানান, “আমি গান গাইব না, যতক্ষণ না পর্যন্ত এখানে উপস্থিত মেয়েরা নিজেদের নিরাপদ মনে করছে।” পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি মঞ্চে হেঁটে বেড়াবেন বলেও জানান। তাঁর এই অবস্থানে দর্শকদের একাংশ জোরালো করতালিতে সমর্থন জানায়।
মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হওয়ায় জ্যাসমিনের প্রশংসায় ভাসছেন। এক নেটিজেন লেখেন, ‘সময় মতো প্রতিবাদ জানানোর জন্য জ্যাসমিনকে সম্মান। দর্শকাসনে থাকা নারীদের নিরাপত্তা ও মর্যাদার চেয়ে বড় কোনও পারফরম্যান্স হতে পারে না।’ অপর একজনের মন্তব্য, ‘শিল্পীরা যখন তাঁদের মঞ্চকে ব্যবহার করে হয়রানির বিরুদ্ধে কথা বলেন, তখন তা শক্তিশালী বার্তা দেয়। এই ধরনের আচরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। আনন্দ ও উদ্যাপনের অনুষ্ঠানে প্রত্যেক নারীর নিরাপদ বোধ করার অধিকার রয়েছে।’
পাঞ্জাবি সঙ্গীত জগতে জ্যাসমিন স্যান্ডলাস অত্যন্ত পরিচিত নাম। ‘ইলিগ্যাল ওয়েপন’, ‘সিপ সিপ’ এবং ২০২৪ সালের চমকপ্রদ হরর-কমেডি ছবি ‘মুঞ্জ্যা’র ‘তারাস’-এর মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি আদিত্য ধর পরিচালিত রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ ছবির টাইটেল ট্র্যাকে র্যাপার হানুমানকাইন্ডের সঙ্গে এবং ‘শরারত’ গানে মধুবন্তি বাগচীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে ফের শিরোনামে উঠে এসেছেন এই গায়িকা। এই দুই গানই যে শ্রোতাদের মনে ধরেছে, তা নতুন করে বলে দিতে হয় না।
এই ঘটনার পর থেকেই কনসার্টে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, বড় কনসার্টগুলিতে আরও কঠোর নজরদারি প্রয়োজন। তাঁদের মতে, জ্যাসমিনের তৎপরতা শুধু উপস্থিত দর্শকদের নয়, আয়োজকদের কাছেও স্পষ্ট বার্তা দিয়েছে। বিনোদনের মঞ্চ কখনওই অসুরক্ষিত পরিবেশকে প্রশ্রয় দিতে পারে না।
