বিনোদন দুনিয়ার ঝলমলে গ্ল্যামারের আড়ালে কতটা চাপ, ভয় আর মানসিক লড়াই লুকিয়ে থাকে, তা আবার মনে করিয়ে দিয়েছেন আয়েশা খান। ‘ধুরন্ধর’ অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা শুনে চমকে উঠেছেন অনুরাগীরা।
আয়েশা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায় প্রতিদিনই ধর্ষণের হুমকি পান। ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও পোস্ট করলে কিছু মানুষ কুরুচিকর মন্তব্য করতে শুরু করে। শুধু খারাপ কথা বলাই নয়, অনেক সময় সরাসরি ভয়ঙ্কর হুমকিও দেওয়া হয়। অভিনেত্রীর কথায়, “এই ধরনের মেসেজগুলো ভীষণ অস্বস্তিকর। এগুলো শুধু ট্রোলিং নয়, সত্যিই ভয় ধরিয়ে দেয়।”
তিনি আরও জানান, জনপ্রিয় হওয়ার পর থেকেই এই সমস্যা আরও বেড়েছে। বিশেষ করে ‘ধুরন্ধর' ছবির গানে নজর কাড়ার পর এবং ‘বিগ বস'-এ অংশ নেওয়ার পর তাঁর ফ্যান ফলোয়িং যেমন বেড়েছে, তেমনই বেড়েছে ট্রোলের সংখ্যাও।
আয়েশা একটি পুরনো ঘটনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, একসময় একজন স্পটবয় তাঁকে অশালীন ভয়েস নোট পাঠিয়েছিল। সেই অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে খুব নাড়িয়ে দিয়েছিল। ছোটবেলা থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করায় অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি।
অভিনেত্রীর মতে, এই সমস্যা শুধু তাঁর একার নয়। বিনোদন জগতের বহু মহিলা শিল্পীই নিয়মিত এই ধরনের অনলাইন হেনস্থার শিকার হন। কিন্তু সকলে প্রকাশ্যে বলতে চান না বা সাহস পান না। আয়েশা মনে করেন, এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি কথা বলা জরুরি, যাতে সমাজে সচেতনতা বাড়ে।
তিনি আরও বলেন, “চুপ করে থাকলে কেউ জানবে না আমরা কী সহ্য করছি। তাই মুখ খুলতেই হবে।” আয়েশার এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন।
প্রসঙ্গত, 'ধুরন্ধর'-এর গান 'শারারাত' নিয়ে দর্শকমহলে চর্চার শেষ নেই। আদিত্য ধর পরিচালিত এই ছবির হাত ধরে জনপ্রিয়তা পেয়েছেন আয়েশা খান। কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন ঋতুস্রাব চলাকালীন 'শারারাত'-এ নাচের শুটিং করেছিলেন। যা নিয়ে ট্রোলিং-এর শিকার হন অভিনেত্রী।
