আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর থেকেই কার্যত বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। তবে ছবির এই বিপুল সাফল্য যে এতটা বিস্ফোরক হবে, তা আগে থেকে আন্দাজ করতে পারেননি খোদ রণবীর সিং-ও।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও, যা ছবির ট্রেলার লঞ্চের সময়ের -সেই কথাই সামনে এনেছে। সেখানে রণবীর-ই জানিয়েছিলেন, ‘ধুরন্ধর’-এর গল্প প্রথমবার শুনেই তিনি কার্যত অবাক হয়ে গিয়েছিলেন। তাঁর কথায়, “যখন আদিত্য গল্পটা শুনিয়েছিল, আমি তো একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম! আমি জিজ্ঞেস করেছিলাম -স্যার, এমনও হয়? উনি বলেছিলেন, ‘হ্যাঁ, এমনও হয়’।”

শুধু তাই নয়, ছবির ভাবনাই যে তাঁকে চমকে দিয়েছিল, সেটাও স্বীকার করেছেন অভিনেতা। রণবীরের মতে, আদিত্য ধর এমন একটি গল্প পর্দায় আনতে চেয়েছিলেন, যা বিশ্বকে দেখাতে পারে ভারতীয় সিনেমার শক্তি ঠিক কতটা। তাঁর কথায়, এই দায়বদ্ধতাই পরিচালকের সবচেয়ে বড় শক্তি।

 

গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির পাঁচ দিনের মধ্যেই ছবিটি ভারতে ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। মুক্তির পরের প্রথম সোমবারেই ছবির আয় প্রায় ৬৫ কোটি টাকা। পাঁচ দিনে দেশ থেকেই এই ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫১৯.১২ কোটি টাকার কাছাকাছি। বিশ্বব্যাপী আয় ইতিমধ্যেই ৮২৯ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। মুক্তির দিনেই ১০২.৫৫ কোটির দুর্দান্ত ওপেনিং, এরপর টানা আয়ের পরিমাণ বেড়েই চলা —সব মিলিয়ে ছবির বক্স অফিস পারফরম্যান্স কার্যত নজির গড়ছে।


‘ধুরন্ধর ২’-এর বিপুল সাফল্যের মাঝেই জোর জল্পনা শুরু হয়েছে—তাহলে কি আসছে ‘ধুরন্ধর ৩’?এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, “এমন কিছু হচ্ছে না। অনেক গুজব চলছে।”একইসঙ্গে তিনি জানিয়েছেন, ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে যদি কোনও নিশ্চিত খবর থাকে, তা তিনি নিজেই প্রকাশ করবেন।

২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ বছরের সর্বোচ্চ আয়কারী ছবির তকমা পেয়েছিল। সেই সাফল্যের ধারাই যেন আরও বড় আকারে ফিরেছে সিক্যুয়েলে। এই ছবিতেও রণবীর সিংয়ের পাশাপাশি রয়েছেন অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্ত—যারা নিজেদের চরিত্রে ফের একবার পর্দায় ফিরেছেন।

এখন প্রশ্ন একটাই। বক্স অফিসে যখন একের পর এক রেকর্ড গড়ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, তখন দর্শকদের প্রশ্ন—এই ঝড় এখানেই থামবে, না কি আরও বড় কোনও চমক অপেক্ষা করছে সামনে?

সময়ই দেবে সেই উত্তর।

 

 

&t=2069s