'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনীর চরিত্রের আভাস দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল সেই চরিত্রের বিষয় এবার দর্শক জানতে পারবে। এমনকী পায়েল দে-র কয়েক ঝলক দেখাও গিয়েছে রাজনন্দিনী হিসেবে। কিন্তু একি! সেই চরিত্রের উপর থেকে পর্দা ওঠার আগে এন্ট্রি নিল নতুন চরিত্র। আর্যর জীবনে আসছে তৃতীয় নারী চরিত্র কাকে দেখা যাবে সেখানে?
চ্যানেল কর্তৃপক্ষের তরফে সদ্যই 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে পুলিশের লকআপে বন্দি অপর্ণা। বরকে দেখে হাউহাউ করে কাঁদতে থাকে সে। স্ত্রীকে আশ্বস্ত করে আর্য। পুলিশকে জানায় সে অপর্ণাকে ছাড়াতে এসেছে। সেটা শুনেই পুলিশের তরফে সটান জানিয়ে দেওয়া হয় অপর্ণা যা করেছে তাতে ওর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা জারি করা হয়েছে। ফলে জামিন পাবে না নায়িকা। আর সেই সময়ই এন্ট্রি নেয় গল্পের নতুন চরিত্র।
দেখা যায় এক আইনজীবী আসে। জানায় সে অপর্ণাকে ছাড়িয়ে নিয়ে যাবে এখান থেকে। কিন্তু আদৌ কি সেটাই কেবল তার উদ্দেশ্য? না। আসলে যে আর্যর কাছাকাছি যেতে চায়, তার বিশ্বাস ভরসা অর্জন করতে চায়। আর সেটার জন্যই হাতিয়ার করে ইমোশনাল গ্রাউন্ড! পুলিশের লকআপ থেকে অপর্ণাকে বের হতে সাহায্য করবে। তবে কি এভাবেই উপকার ভেবে অজান্তেই আর্য এবং অপর্ণা শত্রুর ফাঁদে জড়িয়ে নতুন বিপদে পড়বে? উত্তর আগামী দিনে পাওয়া যাবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে অপর্ণার মুখ বদল হয়ে দিতিপ্রিয়া রায়ের বদলে শিরিন পাল এসেছেন কিছুদিন আগেই। তারপর রাজনন্দিনী হিসেবে দেখা মিলেছে পায়েল দের। এবার আইনজীবী এবং নতুন চরিত্র হিসেবে এই ধারাবাহিকে যোগ দিলেন নবনীতা মালাকার। নবনীতা ছোট পর্দার অতি পরিচিত মুখ। তিনি 'নিম ফুলের মধু' সহ একাধিক ধারাবাহিকে নজর কেড়েছেন। অন্যদিকে রাজনন্দিনীর চরিত্রর সঙ্গে অপর্ণার চরিত্রের যে কোনও নিবিড় যোগ রয়েছে তারও আভাস দেওয়া হয়েছে।
প্রসঙ্গত 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি বরাবরের মতো গত সপ্তাহেও টিআরপি তালিকায় সেরা ১০ -এ নিজের জায়গা ধরে রেখেছে। এটি রোজ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দেখা যায়। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন জিতু কামাল এবং শিরিন পাল।
