দুই বাবার দুই রূপ, আর সেই গল্পই এবার ফুটে উঠবে স্টার জলসার পর্দায়। পরপর দুই ধারাবাহিকে, দু'জন বাবার লড়াই এবং রূপকে তুলে ধরা হবে। কী ঘটতে চলেছে 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকে?
চ্যানেল কর্তৃপক্ষের তরফে সম্প্রতি একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে লাট্টুকে খুঁজে বের করতে মরিয়া পরশুরাম আর তটিনী। তারা দুষ্কৃতীদের আখড়ায় পৌঁছেছে ছেলের খোঁজে। কিন্তু কোথায় সে? সব ভোঁ ভাঁ। ছেলের খোঁজ জানতে চেয়ে দুষ্কৃতীদের বেধড়ক পেটায় পরশুরাম। এমনকী বন্দুক হাতে মাঠে নামে পড়েছে তটিনীও। নায়ককে ২৪ ঘণ্টা সময় দেয়, পাল্টা জবাবে সে জানতে চায় লাট্টুর কথা। এমন অবস্থায় ছেলেকে কি তারা উদ্ধার করতে পারবে?
পরশুরাম যখন বাবার কর্তব্য পালন করছে, স্নেহশীল বাবার প্রতিচ্ছবি তুলে ধরছে, তখন 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকে একেবারেই অন্যরকম ছবি দেখা যাচ্ছে। বিদ্যা তার কলেজ বাঁচাতে বিয়ে পর্যন্ত অস্বীকার করে। মরিয়া চেষ্টা চালাচ্ছে। কিন্তু তার বাবা? সে কলেজ এবং হোস্টেল ভাঙবে বলে প্রতিজ্ঞা করে বসে। একদিকে রাজরীত ফের বিয়ে করতে এসেছে, অন্যদিকে শুরু হচ্ছে বিদ্যার কথা অমান্য করে কলেজ ভাঙার কাজ। কিন্তু শেষ পর্যন্ত কি তাতে সফল হবে নায়িকার বাবা?
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিক দু'টো টিআরপিতে প্রতি সপ্তাহে নজর কাড়ছে। একদিকে ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার ধারাবাহিক ফি হপ্তায় টিআরপি টপার হচ্ছে অন্যদিকে স্বস্তিকা দত্তের ধারাবাহিক সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে প্রথম থেকেই। 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি রোজ রাত আটটা থেকে সম্প্রচারিত হয়, অন্যদিকে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' রাত সাড়ে আটটা থেকে দেখা যায়। তবে এই দুই ধারাবাহিকের বিশেষ এক ঘণ্টা করে পর্ব টানা এক সপ্তাহ দেখানো হবে। চলবে ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
