গত শুক্রবার বেহালায় রত্না চট্টোপাধ্যায়ের প্রচারে গিয়েছিলেন দেব। সেই সময়ই গরমে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁকে তৎক্ষণাৎ প্রচার মঞ্চ থেকে সরিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। রবিবার ফের প্রচারে নামার আগে কী বার্তা দিলেন মেগাস্টার? 

এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন দেব। বনগাঁ, গাইঘাটা, হরিণঘাটা আর তারকেশ্বরে যাবেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে। তার আগে তিনি তাঁর অনুরাগীদের জন্য বার্তা দিলেন। শুক্রবার দেবের অসুস্থতার খবর আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তাই তাঁদের উদ্দেশ্যে বার্তা দিয়ে দেব জানালেন তিনি বর্তমানে সুস্থ আছেন। 

টলিউডের 'খোকাবাবু'র কথায়, 'শরীরটা খারাপ ছিল কাল। মাইগ্রেন, হিটস্ট্রোক..., ভীষণ শরীর খারাপ ছিল। আজ একটু তুলনায় ভাল আছি। ধন্যবাদ তোমাদের সবাইকে কাল থেকে এতটা ভালবাসা দেওয়ার জন্য।' এই গরমে স্বাস্থ্যের দিকে খেয়াল না রেখে কেন তিনি এভাবে প্রচারে যাচ্ছেন সেটা জানিয়ে দেব বলেন, 'কেন এত পরিশ্রম করছি? দু'টো কারণ। এক আমি মন থেকে চাই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শপথ নিক। আর হচ্ছে, অজস্র মানুষ যাচ্ছেন দেখার জন্য, অটোগ্রাফ পাওয়ার জন্য। তাঁদের আবেগ, তাঁদের কান্না, চিৎকার কোথাও গিয়ে আমায় যেন মোটিভেট করে। শরীর খারাপ উপেক্ষা করে কাজ করার সাহস দেয়। আর মাত্র দু'দিন বাকি। আজকের দিন বাদ দিলে, কাল আর পরশু, তারপর প্রচার শেষ।' 

https://www.instagram.com/reels/DXjoy-jkR-R/

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বর্তমানে নির্বাচনী আবহে দেব তাঁর ছবি শুটিংয়ের মাঝে সময় বের করে বাংলার বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করার জন্য। তাঁকে এক ঝলক দেখতে উপচে পড়ছে ভিড়। কখনও ফাঁসিদেওয়া, কখনও রামপুরহাট, তো কখনও বহরমপুর, বিষ্ণুপুর বা বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন তিনি।

সম্প্রতি দেব উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত চাঁদপাড়ায় ভোটের প্রচার করতে গিয়েছিলেন। সেখানকার প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর হয়ে প্রচার করেন। আর সেখানেই ঘটে এক অদ্ভুত কাণ্ড। দেবের এক অনুরাগী তাঁর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। কিন্তু বিফল হওয়ায় কান্নাকাটি করতে থাকেন। বারবার বলতে থাকেন, 'ও চলে যাচ্ছে, একটু নেমে আসতে বলো না ওকে।' কিন্তু দেবের নিরাপত্তার কথা ভেবে তাঁকে মেগাস্টার, সাংসদের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়। এরপরই অজ্ঞান হয়ে যান তিনি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরই এদিন এই অনুরাগীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন দেব। তিনি এদিন তাঁর সেই অনুরাগীর উদ্দেশ্যে বলেন, 'আমি ঋতুপর্ণাকে বলে দিয়েছি ৪ তারিখের পর তোমাকে নিয়ে আমার অফিসে আসতে। ভাল থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি।' দেবের এই কাণ্ড দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।