দ্বিতীয় দফার ভোট দরজায় কড়া নাড়ছে। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত দলের নেতা, কর্মীরাই। এ হেন পরিস্থিতিতে ২৪ এপ্রিল বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে আসেন দেব। সেই সময়ই গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। এখন কেমন আছেন?
সূত্রের খবর দেব বর্তমানে ভাল আছেন আগের তুলনায়। তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রচার থেকে। কাছেই রাখা ছিল অ্যাম্বুলেন্স। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়। মাপা হয় পালস রেট, ইত্যাদি। তবে সেখানে বিশ্রাম নেওয়ার পর ঠিক আছেন আগের তুলনায়।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বর্তমানে নির্বাচনী আবহে দেব তাঁর ছবি শুটিংয়ের মাঝে সময় বের করে বাংলার বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করার জন্য। তাঁকে এক ঝলক দেখতে উপচে পড়ছে ভিড়। কখনও ফাঁসদেওয়া, কখনও রামপুরহাট, তো কখনও বহরমপুর, বিষ্ণুপুর বা বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন তিনি।
সম্প্রতি দেব উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত চাঁদপাড়ায় ভোটের প্রচার করতে গিয়েছিলেন। সেখানকার প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর হয়ে প্রচার করেন। আর সেখানেই ঘটে এক অদ্ভুত কাণ্ড। দেবের এক অনুরাগী তাঁর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। কিন্তু বিফল হওয়ায় কান্নাকাটি করতে থাকেন। বারবার বলতে থাকেন, 'ও চলে যাচ্ছে, একটু নেমে আসতে বলো না ওকে।' কিন্তু দেবের নিরাপত্তার কথা ভেবে তাঁকে মেগাস্টার, সাংসদের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়। এরপরই অজ্ঞান হয়ে যান তিনি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরই এদিন এই অনুরাগীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন দেব।
দেব এদিন তাঁর সেই অনুরাগীর উদ্দেশ্যে বলেন, 'আমি ঋতুপর্ণাকে বলে দিয়েছি ৪ তারিখের পর তোমাকে নিয়ে আমার অফিসে আসতে। ভাল থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি।' দেবের এই কাণ্ড দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, দেবের হাতে এখন একগুচ্ছ কাজ। সদ্যই তিনি করিমূল হকের জীবনী অবলম্বনে বানানো ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবির শুটিং শেষ করেছেন। বড় ঘোষণা করেছেন তাঁর পুজোর ছবি 'দেশু ৭' নিয়ে। সেখানে তিনি, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়াও থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। এই ছবিটির পরিচালনা, গল্প, স্ক্রিনপ্লে এবং প্রযোজনা সবই করবেন দেব। এছাড়া তাঁর হাতে 'খাদান ২', 'টনিক ২' ছবিগুলোও আছে।
















