জি বাংলার পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক। এবার এক একা মায়ের জীবন সংগ্রামের গল্প তুলে ধরবে এই চ্যানেল। ধারাবাহিকের নাম 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। অন্নপূর্ণার তিন মেয়ে। সে পূত্র সন্তানের জন্ম দিতে পারেনি বলে তার স্বামী তাকে ও তিন মেয়েকে ছেড়ে চলে যায়। একাই ভাতের হোটেল চালিয়ে মেয়েদের বড় করে তোলে অন্নপূর্ণা। সমাজের এত বাধা পেরিয়ে জীবনযুদ্ধে জয়ী সে।
গল্পে 'অন্নপূর্ণা'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর এক মেয়ের চরিত্রে থাকবেন স্বস্তিকা ঘোষ। অন্য এক মেয়ের চরিত্রে দেখা যেতে পারে ইপ্সিতা মুখোপাধ্যায়কে। গল্পে স্বস্তিকার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। সৌম্যদীপ জি বাংলার 'জগদ্ধাত্রী'তে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শক মহলে। অন্যদিকে স্বস্তিকাও স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'র মুখ্য চরিত্রে মন জয় করেছিলেন। এই দুটি ধারাবাহিকই প্রায় চার বছর চলেছিল। সাধারণত এখন ধারাবাহিকের মেয়াদ কমে এসে কয়েক মাসে ঠেকেছে। সেখানে এই দুই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। সেই বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আবারও দুই আলাদা ধারাবাহিকের নায়ক-নায়িকাকে নিয়ে শুরু হতে চলেছে নতুন এই মেগা।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের তিন গুরুত্বপূর্ণ চরিত্রের প্রথম ঝলক। বহু বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সোমা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি বারবার দর্শকের মন জয় করেছেন। এবারের চরিত্রটির মধ্যে মিশে রয়েছে মায়া-মমতাম ভরা এক লড়াকু মা। এই চরিত্রটি দর্শকের মনে কতটা জায়গা পায় এখন সেটাই দেখার। অন্যদিকে সৌম্যদীপ ও স্বস্তিকার জুটিকেও প্রথমবার দেখবেন দর্শক। নতুন জুটি এলে অনুরাগীদের মধ্যে যে উন্মাদনা ছড়ায়, তা এই জুটির ক্ষেত্রেও হয় কিনা সেটাই দেখার।
এখন স্লটের অনুপাতে মেগার টিআরপি নির্ভর করে। দর্শকের বিচারেও সেরার সেরা জায়গা পায় একাধিক ধারাবাহিক। কিন্তু যুতসই স্লট না পেলে যেন সবটাই মাটি। নতুন এই ধারাবাহিক জি বাংলার কোন স্লটে আসে এখন সেটাই জানার অপেক্ষায় দর্শক। নতুন মেগা আসা মানেই পুরনো মেগার ইতি। কিন্তু এক্ষেত্রে কার উপর সেই কোপ পড়তে চলেছে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে, আসছে আরও দুটি নতুন ধারাবাহিক। 'সাত পাকে বাঁধা' ও 'কমলা নিবাস'। টিআরপিতে টিকে থাকার জোরদার লড়াইয়ে কী হতে চলেছে? তা সময়ই বলবে।
