আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
ফরেন্সিকে সঞ্জয়ের উইল
বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে আইনি লড়াই এখন এক নতুন মোড় নিয়েছে। প্রায় ৩০ হাজার কোটি টাকার এই সম্পত্তির অধিকার নিয়ে তৈরি হওয়া বিবাদে সম্প্রতি দিল্লি হাইকোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্জয় কাপুরের রেখে যাওয়া শেষ উইলের ফরেন্সিক এবং হস্তলিপি পরীক্ষা করা হবে। অভিযোগ ছিল, সঞ্জয় কাপুরের এই উইলটি আদতে জাল। এই অভিযোগ তুলেছেন করিশ্মার দুই সন্তান— সামাইরা ও কিয়ান এবং সঞ্জয়ের মা রানি কাপুর। তাঁদের মূল অভিযোগ সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুরের বিরুদ্ধে। তাঁদের দাবি, প্রিয়া কাপুর জালিয়াতির মাধ্যমে এই উইল তৈরি করেছেন যাতে সম্পত্তির সিংহভাগ তাঁর দখলে থাকে। আদালত নির্দেশ দিয়েছে যে, আগামী ১০ মার্চ ২০২৬ তারিখে দুপুর ৩টের সময় বিশেষজ্ঞ হস্তলিপি বিশারদ এবং ফরেন্সিক টিমের উপস্থিতিতে এই উইলটি পরীক্ষা করা হবে। যদিও এই উইলের কোনও ছবি তোলা বা কপি করা নিষিদ্ধ করা হয়েছে।
বিজয়কে 'আনফলো' ছেলের
২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় হঠাৎই খবর আসে তামিল তারকা তথা টিভিকের প্রধান বিজয় থালাপতি তথা বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম তাঁর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। এদিকে এই নিয়ে চর্চার মাঝেই বিজয়ের ছেলে জেসন সঞ্জয় সোশ্যাল মিডিয়ায় বাবাকে ‘আনফলো’ করে দিয়ে তিনি কি তবে পরোক্ষভাবে বিচ্ছেদের খবরে শিলমোহর দিলেন। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবার। দীর্ঘ ২৬ বছরের সুখী দাম্পত্যে চিড় ধরার খবরটি অনুরাগীদের জন্য বেশ বড় ধাক্কা। শোনা যাচ্ছে, বিজয়ের সঙ্গে তাঁর স্ত্রীর দূরত্বের নেপথ্যে রয়েছে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি। অর্থাৎ, পরকীয়া বা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত অভিযোগই এই বিচ্ছেদের মূল কারণ হিসেবে উঠে আসছে।
কেক দিয়ে পোশাক তৈরি উরফির
উরফি জাভেদ মানেই নতুন কোনও চমক। আর এবার তিনি যা করলেন তা দেখে নেটপাড়ার চক্ষু চড়কগাছ। ফ্যাশন নিয়ে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন এই মডেল-অভিনেত্রী। কখনও প্লাস্টিক, কখনও সিমেন্টের বস্তা আবার কখনও ভাঙা কাঁচ; বিচিত্র সব পোশাকে নিজেকে সাজিয়ে সবসময়ই চর্চায় থাকেন তিনি। তবে এবার যেন তিনি নিজের আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন। সম্প্রতি তাঁকে দেখা গেল আস্ত ১০০ কেজির চকোলেট কেক দিয়ে তৈরি একটি পোশাকে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, উরফির পরনে রয়েছে বিশাল এক গাউন, যা আসলে পুরোটাই চকোলেট কেক দিয়ে তৈরি। এই অভিনব পোশাকের ওজন শুনলে কপালে ভাঁজ পড়বে যে কারওরই। ভিডিওতে দেখা যাচ্ছে ওই পোশাক পরে তিনি কেবল দাঁড়িয়েই থাকেননি, বরং উৎসুক জনতাকে নিজের শরীর থেকে কেটে সেই কেক খাইয়েও দিয়েছেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার 'হট টপিক' উরফির নতুন সাজ।
