শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন তাঁদের ষষ্ঠ ছবির জন্য আবারও জুটি বাঁধছেন। ‘জওয়ান’ (২০২৩)-এর পর সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে আবারও এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। গত ১৯ এপ্রিল দীপিকা তাঁর দ্বিতীয় সন্তানের আসার খবর ঘোষণা করেছেন, আর তারপরেই জানা যাচ্ছে, ‘কিং’ ছবির সেটে ফিরে শাহরুখের সঙ্গে একটি হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং শুরু করেছেন তিনি।

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, গত মঙ্গলবার ২১ এপ্রিল থেকে ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে শাহরুখের সঙ্গে দু'দিনের একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করেছেন দীপিকা। এক ঘনিষ্ঠ সূত্র মুম্বই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "শাহরুখ এবং দীপিকা ২১ ও ২২ এপ্রিল দৃশ্যটির শুটিং করেছেন। দীপিকার পরনে ছিল সম্পূর্ণ সাদা পোশাক। ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে এর জন্য একটি বিশেষ সেট তৈরি করা হয়েছিল। ছবির বিশাল আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই অ্যাকশনের দৃশ্যগুলোর কোরিওগ্রাফি করা হয়েছে।"

‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ একটি বিশেষ স্টাইলাইজড ফাইট সিকোয়েন্স তৈরি করেছেন, যেখানে শাহরুখ এবং দীপিকাকে একসঙ্গে আটজন যোদ্ধার বিরুদ্ধে লড়তে দেখা যাবে। এছাড়া আরও কিছু দমদার অ্যাকশন দৃশ্যও থাকছে। 

সিদ্ধার্থ নাকি মরুভূমির প্রেক্ষাপটে আরেকটি বিশাল অ্যাকশন দৃশ্যের পরিকল্পনা করেছেন। মীরা রোডের একটি স্টুডিওতে এর শুটিং হবে।
‘কিং’ ছবিতে শাহরুখ এবং দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান। এছাড়া অভিষেক বচ্চন, রানী মুখার্জি এবং অনিল কাপুরের মতো প্রভাবশালী তারকাদেরও এই ছবিতে দেখা যাবে বলে খবর।

এদিকে দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবরের পর গুঞ্জন উঠেছিল যে, আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ ছবি থেকে তাঁর অভিনীত অংশ কমিয়ে দেওয়া হতে পারে বা তাঁকে প্রতিস্থাপন করা হতে পারে। তবে ছবির নির্মাতারা এই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

এরপর এক বিবৃতিতে টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, "সবকিছুই পরিকল্পনা মাফিক চলছে। রাকাতে দীপিকা পাড়ুকোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন এবং সেটে দারুণ উদ্দীপনার সঙ্গেই শুটিংয়ের কাজ এগিয়ে চলেছে।"