অনেকদিনের বিরতি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে টলিউডের নয়, বরং বলিউডের ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। বাংলা ও হিন্দি টেলিভিশনের দর্শকদের কাছে বহুদিন ধরেই পরিচিত মুখ দেবচন্দ্রিমা। অভিনয় দক্ষতা, পর্দায় উপস্থিতি এবং একের পর এক চরিত্রের মাধ্যমে তিনি নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। শুধু বাংলা ধারাবাহিকেই নয়, ওটিটি প্ল্যাটফর্মেও জনপ্রিয়তা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

বড়পর্দায় তাঁর ডেবিউ আগেই হয়েছে, তবে সেখানে তিনি প্রধান চরিত্রে ছিলেন না। কিন্তু ছোটপর্দায় নায়িকা হিসেবে তাঁর জনপ্রিয়তা বরাবরই ছিল চোখে পড়ার মতো। বাংলা ইন্ডাস্ট্রিতে সাফল্যের পর তিনি পা রাখেন হিন্দি টেলিভিশন জগতেও।

কালার্স টিভির জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগান চুড়েল'-এ নায়িকার ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন দেবচন্দ্রিমা। ওই ধারাবাহিকে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন টেলিভিশনের পরিচিত মুখ নিয়া শর্মা, জাইন ইবাদ খান এবং আরাধ্য শর্মার সঙ্গে। রহস্য, রোম্যান্সে ভরপুর এই ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক মহলে।

ওই মেগা শেষ হওয়ার পর প্রায় দুই বছরের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ে তাঁর পরবর্তী হিন্দি প্রজেক্ট নিয়ে অনুরাগীদের মধ্যে ছিল প্রবল কৌতূহল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

জানা যাচ্ছে, স্টার প্লাসের আসন্ন ধারাবাহিক 'ফিতুর'-এর নায়িকা হিসেবে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে। এই নতুন যাত্রা তাঁর কেরিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে বলেই মনে করছেন অনুরাগীরা। এখন দেখার বিষয়, 'ফিতুর'এ নতুন চরিত্রে কতটা জাদু দেখাতে পারেন দেবচন্দ্রিমা। কিন্তু ধারাবাহিকে নায়িকার বিপরীতে কাকে দেখা যাবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে জানা যাচ্ছে, আগামী জুলাই মাস থেকেই নাকি মুম্বইয়ে শুটিং শুরু হবে 'ফিতুর'-এর।