সংবাদসংস্থা মুম্বই: রিতেশ দেশমুখের ছবি 'রাজা শিবাজী'র কোরিওগ্রাফারের জলে ডুবে মৃত্যুর খবরে ছড়িয়েছে চাঞ্চল্য। দু'দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলছিল না তাঁর দেহের।
পুলিশের একজন কর্মকর্তা মুম্বই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহত নৃত্যশিল্পীর নাম সৌরভ শর্মা। তিনি নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে তাঁর মৃতদেহ পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি গ্রাম সঙ্গম মাহুলিতে এই ঘটনা ঘটে, যেখানে ‘রাজা শিবাজি’র শুটিং চলছিল।
একটা গানের শুটিং হয় সেদিন। শুটিংয়ের শেষে সৌরভ সাঁতার কাটবেন বলে স্থির করেন। আর তা করতে গিয়েই যত বিপত্তি। সাঁতার কাটতে কাটতে তিনি নদীর গভীরে চলে যান, তারপর তীব্র জলের স্রোতে ভেসে যান। এরপর নিখোঁজ নৃত্যশিল্পীকে উদ্ধার করতে পুলিশ ও স্থানীয় বেসরকারি সংস্থার সদস্য-সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয় অনুসন্ধান অভিযান।
দু'দিন ধরে খোঁজ চললেও নৃত্যশিল্পীর কোনও সন্ধান পাওয়া যায় না বলে কর্মকর্তা জানান। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ পুলিশ এবং উদ্ধারকারী দল নদী থেকে সৌরভ শর্মার মৃতদেহ অবশেষে উদ্ধার করে বলে জানা যায়। এই ঘটনার জেরে স্থগিত রয়েছে ছবির শুটিং।
