রাস্তায় হঠাৎ গুন্ডাদের আক্রমণ। ব্যাপক মারধর জনপ্রিয় অভিনেত্রীকে। ঘটনাক্রমে মৃত্যু মুখে ঢলে পড়বে নায়িকা? ব্যাপারটা কী? আসলে সবটাই ঘটেছে ছোটপর্দায়। কথা হচ্ছে, 'কম্পাস' ধারাবাহিকের।
এই সপ্তাহে আবারও স্লট টপার হয়েছে 'কম্পাস'। গল্পে আসছে নানা চমক। কম্পাস এবং বিহানের খুনসুটির সম্পর্ক নজর কাড়ছে দর্শকদের। এবার আসছে নতুন মোড়।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কম্পাস' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কাছাকাছি এসেছে বিহান এবং কম্পাস। তাঁদের খুনসুটি অবশেষে প্রেমের রূপ পেয়েছে। ঘনিষ্ঠতা বেড়েছে দু'জনের। আর তার মধ্যেই ঘটে যাবে বিপত্তি।
কম্পাস যখন রাতে বাড়ি ফিরবে তখন শত্রুদের ষড়যন্ত্রে দুষ্কৃতিরার আচমকাই তাকে মাঝপথে আক্রমণ করবে। বেধড়ক মারধর করবে। তবে কি কাছাকাছি এসেও দূরে যাবে বিহান আর কম্পাস? সংসার করা হবে না তাদের? মৃত্যু মুখে ঢলে পড়বে নায়িকা? কী ঘটবে সেই দিকেই নজর থাকবে দর্শকদের। তবে আপাতত গল্পের এই টুইস্টে যে গল্পে দারুণ একটা মোড় আসছে সেটা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত চলতি সপ্তাহে 'কম্পাস' ধারাবাহিকটি ৩.৩ নম্বর পেয়েছে টিআরপিতে। অন্যদিকে 'বেশ করেছি প্রেম করেছি' পেয়েছে ২.৬। ফলে দুই ধারাবাহিকের নম্বরের ফারাক যে স্পষ্ট এবং বিস্তর সেটা বোঝা যাচ্ছে।
















