'কম্পাস' ধারাবাহিকটি তার উদ্ভট বিজ্ঞান সংক্রান্ত জিনিসের জন্য হামেশাই চর্চায় থাকে। এবার এই গল্পে প্রেমের সপ্তাহে আসতে চলেছে প্রেমের ছোঁয়া। অবশেষে কি কাছাকাছি আসবে কম্পাস আর বিহান? নাকি ফের দূরত্ব বাড়বে?
সদ্যই চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কম্পাস' ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কম্পাস রোজ ডে অর্থাৎ প্রেমের সপ্তাহের প্রথম দিনে বরের জন্য উপহার হিসেবে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে এসেছে। সেই উপহারের পাশাপাশি একটা কার্ডও দেয়। বিহান এই উপহার গ্রহণ করে। তারপর নিমেষে তার অভিব্যক্তি বদলে যায়।
বিহান কিছু না জেনে বুঝেই কম্পাসের উপর চিৎকার করতে থাকে। বলে এই ফুলগুলো নাকি কম্পাসকে অন্য কেউ দিয়েছে। আর সেই ফুল নায়িকা আবার তাকে দিয়ে অবস্থা ম্যানেজ করার চেষ্টা করছে। একই সঙ্গে বলে, কম্পাস কি ভেবেছিলে বিহান ধরতে পারবে না, আদতে এই ফুলগুলো তাকে তার বন্ধু দিয়েছে। আর বন্ধুর দেওয়া ফুল বরকে দিলে সে খুশি হবে? ছুঁড়ে ফেলে দেয় বিহান সেই উপহার। তবে কি ভালবাসার সপ্তাহেও ভালবাসার ফুল ফুটবে না কম্পাস এবং বিহানের জীবনে? ভুল বোঝাবুঝির ধারা বজায় থাকবে? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে।
এছাড়াও বিরাট চমক আসতে চলেছে স্টার জলসার ধারাবাহিক 'কম্পাস'-এ। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমো ঘিরে দর্শক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দেখা যাচ্ছে, কম্পাস একটা ফর্মুলা তৈরি করেছে যা দ্বারা কোনও অসহায় দরিদ্র মানুষ ওষুধের অভাবে মারা যাবে না। সমাজের উদ্ধারকর্তা হিসেবে এই ফর্মুলা কাজ করবে। নতুন দিশা দেখবে চিকিৎসাবিজ্ঞান। কিন্তু এই ফর্মুলা তৈরির সঙ্গে সঙ্গে কম্পাসের চিন্তাও হতে থাকে, সে ভাবে যদি কোনও ভুল মানুষের হাতে তার এই আবিষ্কার এসে পড়ে, তাহলে সমাজের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে!
কম্পাসের ভাবনা শেষ হওয়ার আগেই দেখা যায় ইতিমধ্যেই একজন তার এই ফর্মুলার খোঁজ পেয়ে গিয়েছে। আর সেটা হাতানোর জন্য প্রস্তুতিও শুরু করেছে। শুধু তাই নয়, কম্পাসকে ফোন করে সে, বলে ওই ফর্মুলা তার হাতে তুলে দিতেই হবে। কম্পাস রাজি না হলে ওই লোকটি বিহান, ঋতজা ও অখিলেশকে মেরে ফেলার হুমকিও দেয়। ভয় পেয়ে কম্পাস লোকটির পরিচয় জানতে চাইলে সে জানায়, সে-ই কম্পাসের আসল বাবা। তাহলে এতদিন যাকে বাবা বলে জেনে এসেছে কম্পাস সে কে? ছোটবেলা থেকেই কোন ধাঁধায় পড়ে আছে সে? প্রোমো দেখে এখন এসব প্রশ্ন ঘুরছে দর্শকের মনে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'কম্পাস' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে সম্প্রচারিত হয়।
