এসব যদিও বাস্তবে নয়, ঘটেছে ধারাবাহিক 'কম্পাস'-এ। অনেকদিন পর 'কম্পাস'-এর প্রোমো এসেছে। স্টার জলসার এই ধারাবাহিক শুরুতে বেশ ভালই করছিল রেটিং চার্টে। কিন্তু পরবর্তীতে সেভাবে আর দেখা যায় না এই ধারাবাহিককে। এই মেগায় এবার আসছে টানটান উত্তেজনাপূর্ণ পর্ব। প্রকাশ্যে আসা নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, মোনালিসা কম্পাস ও বিহানকে আটকে রেখেছে। গুণ্ডা দিয়ে তাদের মাথায় বন্দুক ধরে রেখেছে সে। 

এদিকে, নিজে বিয়ের সাজে রয়েছে মোনালিসা। সে কম্পাসের দিকে ডিভোর্স পেপার ছুড়ে দিয়ে বলে বিহানকে ডিভোর্স দিতে। কারণ সে বিহানকে বিয়ে করতে চায়। যদি কম্পাস না ডিভোর্স দেয়, তাহলে নাকি মোনালিসা তাদের মেরে ফেলবে। এই কথা শুনে ভয় পেয়ে যায় বিহান। সে কম্পাসকে বলে, ডিভোর্স দিয়ে দিতে, কারণ এছাড়া তাদের কাছে আর কোনও উপায় নেই‌। 

কিন্তু কম্পাস একটুও ভয় পায় না। সে তখনই শিস দিয়ে ডাকে প্রান্তিককে। প্রান্তিকও কম্পাসকে উদ্ধার করতে ছুটে আসে। এবার সে যদিও একা আসে না, দলবল সঙ্গে নিয়ে আসে। আসলে মোনালিসার সঙ্গে প্রান্তিকের বিয়ে দেওয়ার ফন্দি আঁটে কম্পাস। শেষ পর্যন্ত কি তার পরিকল্পনা সফল হবে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দর্শক। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল হারিয়ে গিয়েছে বিহান। তাকে খুঁজতে মরিয়া হয়ে উঠেছিল কম্পাস। বিহানকে খুঁজতে গিয়ে বিপদে পড়েছিল কম্পাস। আর তখনই তাকে বাঁচাতে এগিয়ে এসেছিল প্রান্তিক। তারা একসঙ্গে জোট বেঁধে বিহানকে খুঁজে বের করেছিল। সেই থেকেই তাদের পরিচয়। অন্যদিকে, গল্পে বিহানের মা ঋতজার সঙ্গে প্রান্তিকের একটা স্নেহের টান দর্শক লক্ষ্য করেছেন। এখন আগামীতে কী হবে, সেটাই দেখার অপেক্ষায় ধারাবাহিকের অনুরাগীরা।