টলিউডে সুখবর। মা হতে চলেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। অনেকদিন ধরেই তাঁর প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করে তিনি এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিশেষ ছবি পোস্ট করেন চিত্রাঙ্গদা। ছবিতে দেখা যায়, সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর সামনে হাঁটু গেড়ে বসে ভালবাসায় বেবি বাম্পে হাত রেখে আছেন তাঁর স্বামী সম্বিত চট্টোপাধ্যায়। সূর্যাস্তের সুন্দর স্নিগ্ধ আলোয় তোলা এই ছবিটি দম্পতির আবেগঘন মুহূর্ত তুলে ধরেছে।
সম্বিত ও চিত্রাঙ্গদার বন্ধুত্বের ১৪ বছর পেরল। এই বিশেষ দিনে সকলের সামনে সুখবর এনেছেন অভিনেত্রী। ছবির সঙ্গে একটি ছোট্ট অর্থপূর্ণ বার্তাও লিখেছেন তিনি। স্বামীকে উদ্দেশ্য করে লেখেন, “হ্যাপি ১৪, মাই বেস্ট ফ্রেন্ড, মাই ইউনিভার্স।” তাঁর আরও সংযোজন “আমাদের জীবনের সেরা সময় আসছেো।” এই কথার মধ্য দিয়ে তিনি তাঁদের সংসারে নতুন অতিথির আগমনের ইঙ্গিত দিয়েছেন।
চিত্রাঙ্গদার পোস্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। ভক্তদের পাশাপাশি টলিউডের অনেক তারকাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। দিদির মা হওয়ার খবর পেয়ে খুশি অভিনেত্রী ঋতাভরীর চক্রবর্তী। মাসি হওয়ার দিন গুনছেন তিনি।
চিত্রাঙ্গদা ও সম্বিতের সম্পর্ক বহু বছরের। বন্ধুত্ব থেকেই তাঁদের প্রেমের শুরু। পরে সেই সম্পর্ক বিয়েতে পরিণত হয়। এবার তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য, যা নিয়ে পরিবার এবং ঘনিষ্ঠ মহলে খুশির আবহ।
এই সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা হবু মা-বাবাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। আপাতত নতুন অতিথির অপেক্ষায় এই তারকা দম্পতি।
