শিবরাত্রি বিশেষ পর্বে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আসছে বিরাট চমক। শিবলিঙ্গ নয়, স্বামীর মাথায় জল ঢেলে তাকে শান্ত করবে অপর্ণা! কিন্তু কেন? 

এদিন সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে স্বামী আর্যর সঙ্গে রংমিলান্তি করে পোশাক পরে মন্দিরে এসেছে অপর্ণা। আর্য তাকে পুজো সেরে নেওয়ার কথা বলে। শিবপুজোর জন্য মন্দিরের দিকে এগিয়ে যেতেই অপর্ণাকে কিছু লোক উত্যক্ত করতে শুরু করে। অপু বরকে ডাকতে থাকে, সেই সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসে আর্য। কিন্তু তাকে 'বুড়ো', 'কাকু' বলে কটাক্ষ করতে থাকে লোকগুলো। 

এরপরই দেখা যায়, অপর্ণাকে উত্যক্ত করায় আর্য এত ক্ষেপে গিয়েছে যে সে বেধড়ক পেটাতে থাকে তাদের। সেই সময় স্বামীকে শান্ত করতে ঘটের জল শিবের বদলে স্বামীর মাথায় ঢালে অপর্ণা। এভাবেই চেষ্টা করে তাকে শান্ত করার। 

এই প্রোমো প্রকাশ্যে আসতেই হেসে খুন নেটপাড়া। এক ব্যক্তি মজা করে লেখেন, 'জল যখন ঢালল, এবার কি বেলটাও বরের টাকে ফাটাবে?' আরেকজন লেখেন, 'রোমান্টিক শো নয়, কমেডি শো।' এক নেটিজেনের মন্তব্য, 'বেঁচে থাকতে গেলে যে কী কী দেখতে হবে!' যদিও যাঁরা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তাঁদের বেশ ভালই লেগেছে প্রোমো। কেউ জানিয়েছেন, 'মন ভরে গেল এই প্রোমো দেখে।' কেউ আবার লেখেন, 'দর্শক যেটা চায় চিরদিনই তুমি যে আমার সেই আবেগ বুঝে সেটাই দেখায়।' 

সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হয়েছে ভ্যালেন্টাইন্স ডের দিন স্ত্রীর জন্য বিশেষ একটা সারপ্রাইজ প্ল্যান করেছে আর্য। লাল বেলুন, গোলাপ, উপহার দিয়ে গোটা জায়গাটা সাজিয়ে তুলেছে আর্য। চোখ বন্ধ করে স্ত্রীকে সেখানে আনে। অপর্ণার পরনে লাল চুড়িদার, আর আর্য লাল পাঞ্জাবি, শাল। দু'জনের ঘনিষ্ঠ মুহূর্তও তৈরি হয়। কাছাকাছি আসে অনেকটাই। আর সেই সময়ই বরকে সারপ্রাইজ গিফট দেয় অপর্ণা। আর সেটা দেখেই চমকে ওঠে আর্য। 

অপর্ণা এদিন একটি বাক্স তুলে দেয় আর্যর হাতে। সে সেটা খুলে দেখে সিংহ রায় পরিবারের বধূ মৃত্যুর খবরে কাটিং। অর্থাৎ আর্যর আগের স্ত্রী রাজনন্দিনীর মৃত্যুর খবরের কাটিং। সেটা দেখে চমকে ওঠে আর্য। জানতে চায় এই বিশেষ দিনে এই কাজটা করাটা কি খুব দরকার ছিল? আদৌ কি অপর্ণা নিজেই এই সারপ্রাইজ প্ল্যান করেছিল, নাকি অন্য কেউ ষড়যন্ত্র করেছে? এই ঘটনার পর কোন দিকে বাঁক নেবে দু'জনের সর্ম্পক? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। একই সঙ্গে এই টুইস্টে যে গল্প আরও টানটান হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।

'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন জিতু কামাল এবং শিরিন পাল। এই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় প্রতিদিন দেখা যায়। এটি রোজ সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সম্প্রচারিত হয়। শিবরাত্রির এই বিশেষ পর্ব ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি দেখানো হবে।