ধুন্ধুমার পর্ব আসছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ। এবার মুখোমুখি অপর্ণা ও রাজনন্দিনী! প্রথমটায় অবাক লাগলেও চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে আসা নতুন প্রোমো বলছে এমন কথাই। ইতিমধ্যেই 'চিরদিনই তুমি যে আমার'-এর নতুন প্রোমো ঘিরে চর্চা শুরু হয়েছে। দেখানো হচ্ছে আর্য সিংহ রায়ের জন্মদিন পালন করা হচ্ছে। পাশে আছে অপর্ণা ও রাজনন্দিনীর মা। তিনি যদিও আর্যকে নিজের ছেলের চেয়ে কম ভাবেন না।
আর্যর জন্মদিনের আয়োজন একা হাতে সামলেছে অপর্ণা। আর্য কেক কেটে তাকে খাইয়ে দেয় আর বলে এভাবেই যেন সারাজীবন অপর্ণা তার পাশে থাকে। আর্যর কথা শেষ হতে না হতেই একজন পুরোহিত আসে তাদের বাড়ি। সে এসে এক অবাক করা কথা বলে। সে জানায় যে আর্যর প্রথম স্ত্রী তো মারা যায়নি, রাজনন্দিনী বেঁচে আছে। রাজনন্দিনীর মা পুরোহিতের কথা শুনে আঁতকে ওঠে। সে জানায়, রাজনন্দিনী তো মারা গিয়েছে, আর অপর্ণা তার পুনর্জন্ম।
পুরোহিতের পিছন থেকে তখনই বেরিয়ে আসে রাজনন্দিনী। যদিও সে মানসিক ভারসাম্যহীন। সে এসে আর্যকে বলে আজ তো তার জন্মদিন, তাহলে তাকে রিটার্ন গিফ্ট দেবে না? এই কথা শুনে অপর্ণা চলে যেতে যায়। তখন আর্য তার হাত টেনে ধরে। সে বিশ্বাস করতে পারে না রাজনন্দিনী যে বেঁচে আছে।
সে কি সত্যিই রাজনন্দিনী? নাকি তার মতো দেখতে কেউ? তাকে কী কারণে এই বাড়িতে আনা হয়েছে? আর অপর্ণার কী হবে? তার পুনর্জন্মের স্মৃতি যে ফিরে আসে, সেসব কি মিথ্যে? নতুন প্রোমো দেখে এখন এসব প্রশ্ন ঘুরছে দর্শকের মনে। কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে, এখন তা দেখার অপেক্ষায় দর্শক।
প্রসঙ্গত, আগেই 'রাজনন্দিনী'র চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়েল দেকে। তবে তা শুধু আর্য ও অপর্ণায় কল্পনায়। এবার একেবারে সশরীরে হাজির হচ্ছে সে। গল্পের নতুন মোড় টিআরপিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।
