নতুন সময়ে নতুন চমক আসছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ। এই ধারাবাহিক এখন থেকে বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হবে। আর্য-অপর্ণার সম্পর্কের নতুন মোড় দেখা যাবে গল্পে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, অপর্ণা ছোট বাচ্চাদের সঙ্গে খেলায় মগ্ন। এদিকে, তার খোঁজ করতে করতে আর্য আসে তার কাছে। আর্য কাছাকাছি আসতেই অপর্ণা বুঝতে পারে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অপর্ণার বাবা।

সে আর্যকে কিছুতেই অপর্ণার কাছে যেতে দেয় না। আর্যকে অপর্ণার বাবা সতু জানায় যে, এতদিন তার মেয়ের যা যা ক্ষতি হয়েছে, তার জন্য একমাত্র দায়ী আর্য। তাই আর্য যেন এখন অপর্ণার থেকে দূরেই থাকে। এই কথা শুনে ভেঙে পড়ে আর্য। আর এদিকে, অপর্ণাও জানতে পারে না যে আর্য এসেছিল তার কাছে। কী হবে দু'জনের ভবিষ্যৎ? এভাবেই কি আলাদা হয়ে যাবে আর্য-অপর্ণার পথ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

ইতিমধ্যেই গল্পে দেখা যাচ্ছে রাজনন্দিনী হিসেবে নিজেকে দাবি করা মেয়েটির বিরুদ্ধে সন্দেহ জোরালো হয় অপুর। কিঙ্কর অনিকেতের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে দাবি অপুর। এদিকে অপুর যুক্তিতে বিশ্বাস করতে নারাজ রাজলক্ষ্মী। বাড়ি থেকে আচমকা বেরিয়ে গিয়ে দুর্ঘটনার নাটক করে আর্য ও রাজলক্ষ্মীর মন জেতার চেষ্টা নকল রাজনন্দিনীর! অপু কি পারবে এই ষড়যন্ত্রের পর্দা সরাতে? এই প্রশ্নের মাঝেই দর্শকের সামনে এসেছে আরও বড় চমক।

 আর্যকে ছেড়ে চলে যাওয়ার কথা অপর্ণাকে বলে রাজলক্ষ্মী। কারণ, সে ভাবে সত্যিই তার মেয়ে রাজনন্দিনী ফিরে এসেছে। এদিকে, অপুও জেদের বশে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। সে আর্যকে চিঠি লিখে জানায়, যদি সত্যিই সে তাকে ভালবাসে তবে তাকে খুঁজে যেন নিয়ে আসে আর্য। 

অপর্ণার রেখে যাওয়া চিঠি পেয়ে আর্য তড়িঘড়ি অপর্ণার কাছে ছুটে যায়। কিন্তু আর্যর পথে বাধা হয়ে দাঁড়ায় নকল রাজনন্দিনী। সে আর্যকে কিছুতেই অপর্ণার কাছের যেতে দেয় না। এদিকে, কোনও মতে অপর্ণার কাছে পৌঁছতেই আর্যর পথে বাধা হয়ে দাঁড়ায় অপর্ণার বাবা। গল্পের মোড়ে যে দারুণ চমক আসতে চলেছে তা বোঝাই যাচ্ছে।