প্রথম থেকেই দর্শকদের আলোচনায় থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। এই ধারাবাহিক নিয়ে আগে ঘনিয়েছে একাধিক বিতর্কও। সেই সময়ও ধারাবাহিক বন্ধ হবে, কি হবে না সেই নিয়ে গুঞ্জন ওঠে। যদিও দিতিপ্রিয়া রায় 'চিরদিনই তুমি যে আমার' থেকে সরে দাঁড়ানোর পর নায়িকা হিসেবে যোগ দেন শিরিন পাল। অল্প সময়েই নয় কাড়েন দর্শকদের। তাঁর এবং জিতু কামালের জুটি চর্চায় উঠে আসে। এবার জানা যাচ্ছে সত্যিই শেষ হতে চলেছে এই ধারাবাহিক।
ইতিমধ্যেই শেষদিনের শুটিং হয়ে গিয়েছে এই মেগার। তবে এখনও কিছুদিন সম্প্রচারিত হবে 'চিরদিনই তুমি যে আমার'। কী দেখানো হবে এই ধারাবাহিকের শেষ দৃশ্যে? প্রশ্ন ঘুরছে দর্শক মহলে। একেই এভাবে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মন খারাপ অনুরাগীদের। তার উপরে শেষ পর্বে কী দেখানো হবে সেই নিয়েই আলোচনা চলছে সমাজমাধ্যমে।
টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই রাজনন্দিনীর আসল খুনির পরিচয় সামনে এসেছে। কিঙ্করের মৃত্যুতে নতুন টুইস্ট এসেছে গল্পে। এদিকে, দেখা যাবে অপর্ণা অন্তঃসত্ত্বা। শেষ পর্বে আর্য ও অপর্ণার কোলে এক নতুন সদস্যকে দেখা যাবে। এভাবেই তাদের সংসার পরিপূর্ণ হয়ে উঠবে। খুব তাড়াতাড়িই সেই দৃশ্য পর্দায় দেখবেন দর্শক।
কিন্তু কেন শেষ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? সূত্রের খবর শুরুর দিকে টিআরপি তালিকার উপর দিকে থাকত 'চিরদিনই তুমি যে আমার'। সেরা পাঁচে একাধিকবার জায়গা করে নিয়েছিল এই মেগা। কিন্তু বর্তমানে টিআরপিতে ক্রমাগত পতন এবং সেরা ১০ থেকে ছিটকে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে অসম প্রেমের গল্প দেখানো হচ্ছে। সঙ্গে রয়েছে নায়কের অতীত জীবনের কাহিনিও। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় শিরিন পাল এবং জিতু কামালকে দেখা যেত। এই ধারাবাহিক শেষ হলে সেই জায়গায় কোন ধারাবাহিক আসবে তাই নিয়েও শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি চ্যানেলের তরফে নতুন মেগা, 'দুলারী'র প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। মনে করা হচ্ছে, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের জায়গা নিতে পারে এই নতুন মেগা। তবে এই জল্পনা কতটা সত্যি, সেটা সময় বলবে।















