মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় মুখ চার্লি কক্স, যিনি ‘ডেয়ারডেভিল’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত, সম্প্রতি লন্ডনের কুইন এলিজাবেথ হলে আয়োজিত ২০২৬ বাফটা গেমস অ্যাওয়ার্ডস-এ হাজির হয়েছিলেন। তবে সেখানে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়াল আসন্ন ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সেই ছবিতে ডেয়ারডেভিল-এর উপস্থিতি নিয়ে দীর্ঘদিনের জল্পনায় অবশেষে দাঁড়ি টানলেন অভিনেতা নিজেই।

 

 

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর সেই আইকনিক লয়ার বা উকিল চরিত্রের কথা মনে আছে? ম্যাট মারডক হিসেবে বড়পর্দায় চার্লি কক্সের কামব্যাক আজও মার্ভেল ভক্তদের কাছে এক আবেগের নাম। সেই থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, পরবর্তী ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তেও দেখা যেতে পারে তাঁকে। কিন্তু বাফটা গেমস অ্যাওয়ার্ডস-এর মঞ্চে অভিনেতা জানালেন ভিন্ন কথা।

 

 

বাফটা-র মঞ্চে তাঁকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে রয়েছেন? চার্লি কক্স সরাসরি উত্তর দেন, “আমি এই ছবিতে নেই। দয়া করে আর জিজ্ঞেস করবেন না। আমি ওখানে নেই। আমি জানি না আপনারা কী নিয়ে কথা বলছেন, কিন্তু আমি ওখানে নেই। যদি না তারা কম্পিউটার-জেনারেটেড ইমেজের মাধ্যমে আমাকে জোর করে বসিয়ে দেয়, তবে আমি নেই। আপনাদের হতাশ করবার জন্য আমি দুঃখিত। কিন্তু বিশ্বাস করুন, ওই ছবিতে আমি নেই।”

 

উল্লেখ্য, ২০২১ সালে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ ম্যাট মারডক হিসেবে চার্লি কক্সের উপস্থিতি ছিল মার্ভেল ভক্তদের জন্য বড় চমক। পিটার পার্কার, আন্ট মে এবং হ্যাপি হোগানের আইনজীবী হিসেবে তাঁর সেই ক্যামিও এন্ট্রি ছিল স্মরণীয়। তবে সেসময় সেই গোপনীয়তা বজায় রাখাটা তাঁর কাছে ছিল এক ‘দুঃস্বপ্ন’-এর মতো, যা তিনি আগেও একাধিকবার স্বীকার করেছেন।

 

এবারের বাফটা গেমস অ্যাওয়ার্ডস-এ চার্লি কক্স এসেছিলেন গেম ইন্ডাস্ট্রিতে তাঁর কাজের প্রতিনিধিত্ব করতে। তিনি ‘ক্লেয়ার অবষ্কার: এক্সপেডিশন ৩৩’-এর জন্য ‘পারফর্মার ইন এ সাপোর্টিং রোল’-এর মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া ‘ডেয়ারডেভিল: বোর্ন এগেইন’ -এর কাজ নিয়েও তিনি মুখ খোলেন, যেখানে তিনি জানিয়েছেন এই সিরিজের দ্বিতীয় সিজনটিই হতে যাচ্ছে চূড়ান্ত সিজন।

 

এখন দেখার পালা, চার্লির এই স্পষ্ট প্রত্যাখ্যানের পরও মার্ভেল ভক্তদের মনে কি নতুন কোনও আশার আলো জাগে, না কি বিষয়টি এখানেই শেষ হবে?