দক্ষিণী ছবিতেই কেন বারবার কাজ করতে দেখা যায় কাজল আগরওয়ালকে? বলিউডে সফল ছবি উপহার দেওয়া সত্ত্বেও কেন তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিকেই বেশি গুরুত্ব দেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই খোলামেলা উত্তর দিলেন অভিনেত্রী।

কাজলের কথায়, বলিউডে তিনি 'সিংঘম' এবং 'স্পেশাল ২৬'-এর মতো সফল ছবিতে অভিনয় করলেও, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি বরাবরই আরও শক্তিশালী এবং বৈচিত্র্যময় চরিত্রের প্রস্তাব পেয়েছেন। তাই কেরিয়ারের শুরু থেকেই তেলুগু ও তামিল ছবিকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, একজন অভিনেত্রীর কাছে চরিত্রের গুরুত্ব সবচেয়ে বেশি, আর সেই সুযোগ তিনি দক্ষিণী ছবিতেই বেশি পেয়েছেন।

অভিনেত্রী আরও বলেন, দক্ষিণী চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় শক্তি হল তাদের পেশাদারিত্ব। বিশেষ করে সময় মেনে কাজ করার সংস্কৃতি তাঁকে বরাবরই মুগ্ধ করেছে। তাঁর দাবি, শুটিংয়ের নির্ধারিত সময় সবাই মেনে চলেন, ফলে অযথা সময় নষ্ট হয় না। এই প্রসঙ্গেই তিনি মন্তব্য করেন, "বলিউডের দক্ষিণী ইন্ডাস্ট্রির কাছ থেকে সময়ানুবর্তিতা শেখা উচিত।"

কাজল আরও জানান, অতীতে বলিউডে কাজ করার সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাঁকে। যদিও তিনি কোনও তিক্ততার কথা বলেননি, তবে ইঙ্গিত দিয়েছেন যে দক্ষিণী ইন্ডাস্ট্রির শৃঙ্খলা এবং পরিকল্পিত কাজের পরিবেশ তাঁর কাছে অনেক বেশি স্বস্তিদায়ক।

নারী চরিত্র নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। তাঁর মতে, একসময় দক্ষিণী ছবিতে নায়িকাদের উপস্থাপনা নিয়ে নানা সমালোচনা থাকলেও সময়ের সঙ্গে সেই ধারা বদলেছে। এখন নারী চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাস্তবধর্মী এবং গল্পের কেন্দ্রবিন্দুতে জায়গা পাচ্ছে। তিনি নিজেও সবসময় এমন দৃশ্য বা চরিত্র এড়িয়ে চলেছেন, যেখানে নারীদের অপ্রয়োজনীয়ভাবে বস্তু হিসেবে দেখানো হয়।

বর্তমানে কাজল আগরওয়াল বেছে বেছে কাজ করছেন। বাণিজ্যিক ছবির পাশাপাশি এমন ছবিতে অভিনয় করছেন যেখানে অন্য ধারার ছবিতে অভিনয়ের পাশাপাশি কিছু বার্তা থাকে। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, জনপ্রিয়তার চেয়ে ভাল চিত্রনাট্য, শক্তিশালী চরিত্র এবং পেশাদার কর্মপরিবেশই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখনও তাঁর প্রথম পছন্দ।