চলতি বছর পুজোয় উইন্ডোজ আবার ফিরছে 'বহুরূপী'কে সঙ্গে নিয়ে। এবার গল্পের পরিসর আরও চমকপ্রদ। আসছে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'। এই ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের ভিড় চোখে পড়ার মতো‌‌। এবার যে ডাকাতি আরও বড় পরিসরে হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র চমক হয়ে আসছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। যিশু বনাম শিবপ্রসাদের ডাকাতিযুদ্ধে এবার খেলা জমে উঠবে। ফিরছেন 'ঝিমলি' কৌশানী মুখার্জিও।

এখন মালদায় চলছে ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শুটিংয়ের দৃশ্য। এক ঝলক দেখা যাচ্ছে 'ঝিমলি'র লুকে কৌশানীকে। আবার নজরে এসেছে শিবপ্রসাদ মুখার্জি, অভিজিৎ গুহ ও বর্ষীয়ান অভিনেতা প্রদীপ ভট্টাচার্যের লুকও। মালদার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শুটিং করছে 'বহুরূপী ২'-এর টিম। পথচলতি রাস্তায় অভিনেতা-অভিনেত্রীদের দেখে মোবাইল ফোনে শুটিং দৃশ্য বন্দি করেছেন সাধারণ মানুষ। আর বর্তমানে সেটাই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

প্রসঙ্গত, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। এই ছবিতে থাকবেন টলিপাড়ার আরও পরিচিত মুখেরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছোটপর্দার নায়িকা তিতিক্ষা দাস। ছোটপর্দা থেকে ওয়েব সিরিজের পরিচিত মুখ তিতিক্ষা এবার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে। 

আজকাল ডট ইন-কে তিতিক্ষা বলেছিলেন, "বড়পর্দায় কাজ করা সব সময় আলাদা এক্সপিরিয়েন্স। যাঁদের হাত ধরে বড়পর্দায় কাজ করছি নন্দিতাদি ও শিবপ্রসাদদা, আর উইন্ডোজ প্রোডাকশন, সত্যিই ভাগ্যের ব্যাপার। যেদিন শিবুদা আমায় জানান, আমি এই প্রজেক্টের অংশ, সেদিন থেকেই আমার সঙ্গে পরিচালক কিংবা প্রযোজকের মতো ব্যবহার করেননি। এমনভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন যাতে আমার কাজটা আরও সহজ হয়। বুঝতেই দেননি এটা আমার প্রথম বড়পর্দায় কাজ। আশা করব, আরও অনেক কাজ হবে উইন্ডোজের সঙ্গে।"

এবারও ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী, অনুপম রায়, অর্ণব দত্ত এবং শিলাজিৎ মজুমদারের মতো বিভিন্ন শিল্পীর সমাহারে একগুচ্ছ প্রাণবন্ত গান উপহার পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।