চলতি বছর পুজোয় উইন্ডোজ আবার ফিরছে 'বহুরূপী'কে সঙ্গে নিয়ে। এবার গল্পের পরিসর আরও চমকপ্রদ। আসছে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'। এই ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের ভিড় চোখে পড়ার মতো‌‌। এবার যে ডাকাতি আরও বড় পরিসরে হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র চমক হয়ে আসছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। যিশু বনাম শিবপ্রসাদের ডাকাতিযুদ্ধে এবার খেলা জমে উঠবে। ফিরছেন 'ঝিমলি' কৌশানী মুখার্জিও।

'বহুরূপী'তে দেখা গিয়েছিল শিবপ্রসাদ ও কৌশানীকে বিভিন্ন ছদ্মবেশে ডাকাতি করতে। এবারও সেরকম ছন্দ বজায় রাখবেন পরিচালক। এখন জোরকদমে চলছে ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার টুকরো মুহূর্ত। ছড়িয়ে পড়েছে বোলপুরের শুটিং দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাজারে বসে মাছ কাটছেন কৌশানী। অন্যদিকে শিবপ্রসাদ মুখার্জিকে দেখা যাচ্ছে, একেবারে ভিন্ন লুকে। মোটা গোঁফ, স্বাস্থ্যবান চেহারায় তাঁকে এক ঝলক দেখে যেন চেনাই দায়। 

কিছুদিন আগেই মালদায় চলছিল ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই শুটিংয়ের দৃশ্যও। তখনও এক ঝলক দেখা গিয়েছিল 'ঝিমলি'র লুকে কৌশানীকে। নজরে এসেছিল শিবপ্রসাদ মুখার্জি, অভিজিৎ গুহ ও বর্ষীয়ান অভিনেতা প্রদীপ ভট্টাচার্যের লুকও। এখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং করছিল 'বহুরূপী ২'-এর টিম। পথচলতি রাস্তায় অভিনেতা-অভিনেত্রীদের দেখে মোবাইল ফোনে শুটিং দৃশ্য বন্দি করেছেন সাধারণ মানুষ। আর বর্তমানে সেটাই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

প্রসঙ্গত, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। এই ছবিতে থাকবেন টলিপাড়ার আরও পরিচিত মুখেরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছোটপর্দার নায়িকা তিতিক্ষা দাস। ছোটপর্দা থেকে ওয়েব সিরিজের পরিচিত মুখ তিতিক্ষা এবার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে। 

এবারও ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী, অনুপম রায়, অর্ণব দত্ত এবং শিলাজিৎ মজুমদারের মতো বিভিন্ন শিল্পীর সমাহারে একগুচ্ছ প্রাণবন্ত গান উপহার পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।