'অ্যানিম্যাল' ছবিটির পর ববি দেওলকে নিয়ে আলাদাই উন্মাদনা দর্শকদের। এছাড়া 'আশ্রম' সিরিজেও তিনি নজর কেড়েছেন। আগামীতে নীতীশ তিওয়ারির 'রামায়ণ' ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। একের পর এক ব্লকবাস্টার হিট দেওয়া, জনপ্রিয় সিরিজে কাজ করার পর অভিনেতারা সাধারণত তাঁদের পারিশ্রমিক বাড়ান। কিন্তু ববি দেওল সম্প্রতি জানিয়েছেন তিনি অনুরাগ কাশ্যপের আগামী ছবি 'বান্দর' -এর জন্য মোটেও পারিশ্রমিক বাড়াননি। কিন্তু কেন? নিজেই খোলসা করলেন। 

'বান্দর' ছবিটির জন্য কেন তিনি পারিশ্রমিক বাড়াননি সেটা জানিয়ে ববি বলেন এই ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করেছেন সেটা অনেক বড়, গুরুত্বপূর্ণ। তাই তিনি সেই চরিত্রের কথা মাথায় রেখেই পারিশ্রমিক বাড়াননি। অভিনেতার কথায় এই ধরনের প্রজেক্ট তাঁকে ক্রিয়েটিভ তুষ্টি দেয়, যা উপার্জনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর 'বান্দর' তেমনি একটি প্রজেক্ট। 

কী এমন এই চরিত্রে রয়েছে? ববি দেওল জানিয়েছেন তাঁর এই চরিত্রটি এত মনে ধরেছে, ভাল লেগেছে কারণ এতে বাস্তবতা ফুটে উঠেছে। ইমোশনাল গভীরতা রয়েছে। তাঁর মতে সাধারণ বিশ্বাসযোগ্য কোনও ব্যক্তির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা অনেক বেশি চ্যালেঞ্জিং লার্জার দ্যান লাইফ চরিত্রে অভিনয় করার তুলনায়। ববি দেওল একটি সাক্ষাৎকারে এও জানিয়েছেন বাণিজ্যিক ভাবে ডিজাইন করা, গুচ্ছের ড্রামাটিক জিনিস পত্রে ঠাসা চরিত্রের তুলনায় বাস্তবের সঙ্গে মিল আছে, অথেনটিক ব্যক্তিত্ব রয়েছে এমন চরিত্রে অভিনয় করতে তিনি পছন্দ করেন। এমন চরিত্র পেলে আর্থিক বিষয়ে আলোচনা আর মুখ্য থাকে না। বরং তিনি সঠিক এবং নিখুঁত ভাবে চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন কিনা সেটাই জরুরি। 

'বান্দর' ছবিটিতে ববি দেওল এমন একটি চরিত্রে অভিনয় করবেন যেখানে তাঁকে একাধিক ইমোশনাল এবং সাইকোলজিক্যাল স্ট্রাগল করতে দেখা যাবে। এটি সম্পূর্ণ পারফরমেন্স ভিত্তিক একটি প্রজেক্ট হতে চলেছে। আগামী ৫ জুন মুক্তি পাবে ছবিটি। ববি দেওল ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সাবা আজাদ, সানিয়া মালহোত্রা, প্রমুখ।