আজ ২১ মে, বিশ্ব চা দিবস। প্রতি বছর রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে চায়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, স্বাস্থ্যগত উপকারিতা এবং বিশ্ব অর্থনীতিতে এর অপরিসীম গুরুত্বকে সম্মান জানাতে এই বিশেষ দিনটি পালন করা হয়। গোটা পৃথিবীতে অ্যালকোহল বর্জিত পানীয়র মধ্যে জনপ্রিয়তার নিরিখে জলের পরেই প্রথম স্থানটি দখল করে রেখেছে এক কাপ গরম ‘চা’। আজকের এই বিশেষ দিনে সকাল থেকেই বিশ্বজুড়ে সমস্ত চা-প্রেমীরা সমাজমাধ্যমে তাঁদের প্রিয় চায়ের কাপের ছবি এবং চায়ের আড্ডার নানা গল্প ভাগ করে নিচ্ছেন। কিন্তু এমন এক তুমুল ‘চা-ময়’ আবহে একদম উল্টো সুর গাইলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় । নিজে চা-প্রেমী না হয়েও এই বিশেষ দিনে একটি অত্যন্ত মজাদার ও মন ছুঁয়ে যাওয়া পোস্ট শেয়ার করলেন তিনি।
নিজের অফিশিয়াল ফেসবুকে একটি পোস্ট করে ভাস্বর জানান, ছোটবেলা থেকে শুরু করে অভিনয়ের স্টুডিও পাড়া— চায়ের সাথে ওঁর অম্ল-মধুর দূরত্বের কথা। ভাস্বর ওঁর পোস্টে লেখেন - “আজ বিশ্ব চা দিবস। এই জিনিসটাকে কোনওদিন আপন করে নিতে পারলাম না। যখন ছোট ছিলাম ভাবতাম বড় হয়ে বাবার মত কবে চা খাবো। দুধ একেবারেই না-পসন্দ ছিল তাই এ ভাবনা স্বাভাবিক। বড় হওয়ার পর সকালে চা খেতে শুরু করলাম কিন্তু একটুও আনন্দ পেলাম না।”

কলেজ জীবন মানেই যে ক্যান্টিনে ধোঁয়া ওঠা চায়ের কাপে তুফান, সেই চেনা ছকও খাটেনি ভাস্বরের জীবনে। কলেজের স্মৃতি হাতড়ে তিনি বলেন, “যখন কলেজে পড়তাম দেখতাম ক্লাসের ফাঁকে সবাই চা খায়। আমিও বন্ধুদের সঙ্গে তালে তাল মিলিয়ে চা খেতে লাগলাম কিন্তু এবারেও ভাল লাগল না।”
সবচেয়ে মজার অভিজ্ঞতা ওঁর হয়েছে অভিনয় জগতে পা রাখার পর। কারণ টলিপাড়ার স্টুডিও পাড়ায় শুটিংয়ের ফাঁকে ‘চা’ হল অক্সিজেনের মতো। সেখানে ভাস্বরের মতো একজন প্রথম সারির অভিনেতা চা ছোঁন না, এটা মানতেই পারতেন না সহকর্মীরা।
সেই অভিজ্ঞতার কথা ভাগ করে অভিনেতা লিখেছেন -“অভিনয়ে আসার পর দেখলাম চা খায় না এমন লোক স্টুডিওতে নেই। আমি চায়ের ধার মাড়াইনা বলে প্রায় সবাই অবাক হলেন, বললেন অভিনেতা চা খায় না এ কি কথা! কি আর করা... এ জীবনে চাকে আর ভালবাসা হল না।”
ভাস্বরের এই অকপট এবং মজাদার পোস্টটি দেখা মাত্রই বিনোদন জগৎ থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন— “চায়ের কাপে চুমুক না দিয়েও যে এত সুন্দর করে চায়ের গল্প বলা যায়, তা ভাস্বরদাকে না দেখলে জানা যেত না।” আবার অনেক ‘চা-বিদ্বেষী’ নেটিজেন ভাস্বরের পাশে দাঁড়িয়ে লিখেছেন, “যাক, অবশেষে আমাদের দলেও একজন বড় তারকাকে পাওয়া গেল!” বিশ্ব চা দিবসের এই চায়ের জোয়ারে ভাস্বরের এই ‘নন-টি লাভার’ পোস্টটি যে আজ নেটপাড়ার অন্যতম সেরা বিনোদন, তা বলাই বাহুল্য।















