টলিউড এবং বিনোদন জগতে নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তারকা-সন্তান এবং আউটসাইডার বা বহিরাগতদের স্ট্রাগলের পার্থক্য নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা যুধাজিৎ সরকার।

নিজের ফেসবুক হ্যান্ডেলে স্টার কিডদের বাড়তি সুবিধা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে যুধাজিৎ লিখেছেন, “‘নেপোটিজম’-এর সবচেয়ে মজার বিষয় হলো, এখানে আপনাকে আক্ষরিক অর্থেই কিচ্ছু করতে হবে না! আপনার হয়ে পিআর টিমে সমস্ত কাজ করে দেবে। পরিচালকেরা এসে আপনাকে কখনও জিজ্ঞেস করবেন না যে, ‘কী কী কাজ করেছ?’... উল্টে প্রযোজকেরা এসে আপনার বাবা-মায়ের শরীর কেমন আছে, আপনার শরীর কেমন আছে— সেই খোঁজ নেবেন।”

 

 

তিনি আরও যোগ করে ইন্ডাস্ট্রির বহিরাগতদের সঙ্গে এই বৈষম্যের কথা তুলে ধরে বলেন:“আপনার প্রতিদিন কাজ না করলেও চলবে, সেই বিলাসিতা করার ক্ষমতা আপনার থাকবে... একজন বহিরাগত বা আউটসাইডারের জীবন এবং কেরিয়ারের তুলনায় এদের জীবন সম্পূর্ণ আলাদা।”

যুধাজিৎ সরকারের এই ফেসবুক পোস্টটি টলিউডের অন্দরে নতুন করে স্বজনপোষণ এবং ইন্ডাস্ট্রিতে আউটসাইডারদের টিকে থাকার লড়াইয়ের বিতর্ককে উস্কে দিয়েছে। ওঁর এই পোস্টে বহু অনুরাগী এবং নেটিজেনরা সহমত পোষণ করেছেন।