বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে নেমেই বাঁ দিকে ঘুরলেই সারি দিয়ে দাঁড়িয়ে পরপর অটো। একটু ড্রিবল করে মাত্র কয়েক পা হাঁটলেই মাথা উঁচিয়ে দাঁড়িয়ে বেলগাছিয়া রাজবাড়ি। ২০০ বছরের বেশি বয়সী এই রাজবাড়ির সঙ্গে লেগে রয়েছে ঠাকুরবাড়ির ইতিহাস-ও। তবে সেই রাজবাড়ি কিছুদিনের জন্য বদলে গিয়েছিল শ্যামপুকুর থানায় কখনও বা কোনও অখ্যাত অবস্থা পড়ে আসা বনেদি বাড়ির ঠাকুরদালানে। 

 

খুলেই বলা যাক বিষয়টি। প্রতিম ডি.গুপ্তর কপ-থ্রিলার ‘চালচিত্র ২’র শেষদিনের শুটিং। রাজবাড়ির ফটক থেকে ঢুকলেই সিঁড়ি। তা পেরিয়ে সরু অথচ টানা বারান্দা পেরোতে প্রথমেই যে বিরাট ঘরখানা চোখে পড়ে, তা তা দেখে কে বলবে এটি পুরনো রাজবাড়ির ঘর? এটি ততক্ষণে পরিণত হয়েছে শ্যামপুকুর থানার প্রধান ঘরে। পুলিশ অফিসারদের বসার আলাদা চেয়ার, আজ করার টেবিল। তার উপরে টেলিফোন। দেওয়ালে ইতিউতি টানানো মনীষীদের ছবি। ঘর জুড়ে ঠেকানো সারি দেওয়া আলমারি এবং দিস্তে দিস্তে ফাইল। এবং অবশ্যই দরজার উপরে টানানো ব্যানারে গত গোটা অক্ষরে লেখা শ্যামপুকুর থানা। 

 

২০২৪-এর বড়দিনে বড়পর্দা কাঁপিয়েছিল প্রতিম ডি. গুপ্তর কপ-থ্রিলার ‘চালচিত্র’। সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এবার ফিরছে আরও বড় চমক নিয়ে। তবে এবার প্রেক্ষাগৃহ নয়, দর্শকদের ড্রয়িংরুমে ড্রামা জমাতে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে। ওয়েব সিরিজ হিসেবে আসছে ‘চালচিত্র ২’! আজকাল ডট ইন-ই প্রথম জানিয়েছিল এ সিরিজের প্রধান খলচরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।  ‘চালচিত্র’-এর প্রথম পার্টে ব্রাত্য বসু অভিনীত খলনায়ক চরিত্র ‘ভুবন’-এর যুবক বয়সের ভূমিকাতেই সম্ভবত দেখা যাবে চঞ্চলকে! চরিত্রটি ভয়ঙ্কর হলেও তার অপরাধী হয়ে ওঠার নেপথ্যে রয়েছে এক মনস্তাত্ত্বিক জমাট অতীত।

 

রাজবাড়ির অন্যদিকে সেট পড়েছে ঠাকুরদালানের। খড়-মাটি দিয়ে তৈরি দেবীর মূর্তি। হাতে আঁকা চলছে চালচিত্র-র। তার-ই একদিকে সফেদ ধুতি, পাঞ্জাবি পরে ঘোরাফেরা করছেন 'ভুবন'রূপী চঞ্চল চৌধুরী। হাঁটাচলে স্পষ্ট বনেদি মেজাজ অথচ ক্ষিপ্রতাও স্পষ্ট। ‘অ্যাকশন’ শুরু হতেই কিছু যেন খিন্যা শুরু করলেন, না কি কাউকে? অস্থির হয়ে ঘুরছেন, হাতে মাঝে মাঝে দেখা যাচ্ছে একটি লম্বা, সরু অথচ পোক্ত একটি হাতুড়ি। ‘ভুবন’-এর চোখে তখন ঝিলিক মারছে ধূর্ততা। 'কাট' শুনতেই ঠাকুরদালানের রোয়াকেই বসে পড়লেন চঞ্চল। চুপ করে। কারও সঙ্গে কোনও কথা নয়। স্রেফ এক মনে অপেক্ষা পরের শটের। 'চরিত্রের' মধ্যে থেকে সম্ভবত তখন বেরোতে চাইছেন না তিনি। তাই শুটিং সেটও তুলনামূলক অনেক চুপচাপ। অনেক। কলাকুশলীরাও চলছে প্রায় বিড়ালের মতো নিঃশব্দে। নিঃস্তব্ধতা খান খান করে বাইরে থেকে মাঝেমধ্যে তখন ভেসে আসছে গোলা পায়রার ডাক।


জানিয়ে রাখা ভাল, ওই রাজবাড়ির উপরের একটি ঘরকেই সম্ভবত বানানো হয়েছে 'ভুবন' এর নিজস্ব ঘর। পর্দায় সেই বাড়ির ঠিকানা অবশ্য আলাদা হবে তা বলাই বাহুল্য। সেখানেও টুকরো টুকরো দৃশ্য শুট করলেন চঞ্চল। বেলা গড়িয়েছে ততক্ষণে। শ্বেতা মিশ্র হাজির হয়েছেন সেটে। এরপর শুট হবে তাঁর দৃশ্য। তাঁকে নিয়ে শট বোঝাতে খানিক ব্যস্ত হয়ে পড়লেন পরিচালক। একটু পরেই শুরু হবে লাঞ্চ ব্রেক।