লাতিন পপ-সাম্রাজ্ঞী শাকিরা-র মায়াবি নাচ আর ‘হিপস ডোন্ট লাই’-এর জাদুতে গোটা বিশ্ব মাতোয়ারা। তবে বছর দুয়েক আগে ওঁর সিঙ্গল ‘সলতেরা’-র প্রচারের জন্য আমেরিকার ফ্লোরিডার মায়ামির বিখ্যাত নাইটক্লাব ‘এলআইভি’ (LIV Miami)-তে পারফর্ম করার সময় এক অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে হয় গায়িকাকে, যা তুমুল চর্চিত হয়েছিল গোটা বিশ্বে! 

সেদিন এই বিশ্বখ্যাত গায়িকার পরনে ছিল একটি সিকুইন মিনি ড্রেস। নাচ চলাকালীনই তিনি লক্ষ্য করেন, মঞ্চের ঠিক নীচে দাঁড়িয়ে এক ব্যক্তি ওঁর পোশাকের নীচ থেকে ক্যামেরা দিয়ে আপত্তিকর ভিডিও তোলার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাকিরা অত্যন্ত বিরক্ত হয়ে ওঁর হাত দিয়ে ইশারা করে ওই ব্যক্তিকে ওঁর পোশাকের দিকে নয়, বরং মুখের দিকে ক্যামেরা তাক করতে বলছেন। কিন্তু বারংবার বারণ করা সত্ত্বেও সেই ব্যক্তি ক্যামেরা সরাচ্ছেন না! তারপরেই রেগেমেগে পারফরম্যান্স মাঝপথেই থামিয়ে মঞ্চ থেকে সোজা নেমে যান পপ-তারকা। ওঁর এই আচমকা স্টেজ ছেড়ে চলে যাওয়ার ভিডিও ভাইরাল হতেই বিশ্বজুড়ে ক্ষোভে ফেটে পড়েন শাকিরা-ভক্তরা। 

 

নেটিজেনদের একাংশ একে ‘যৌন হেনস্থা’ বলে দেগে দিয়ে ওই ব্যক্তির গ্রেফতারির দাবিও তোলেন।  আসল সত্যিটা কী? মুখ খুলেছিল শাকিরার পিআর টিম। গোটা ইন্টারনেট জুড়ে যখন ওই ‘অজ্ঞাতপরিচয় কামুক ভক্ত’-এর বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে, ঠিক তখনই এই ভাইরাল বিতর্কের আসল সত্যিটা সামনে নিয়ে এসেছিল শাকিরার নিজস্ব জনসংযোগ দল। শাকিরার হিস্পানিক ও লাতিন আমেরিকার মিডিয়া রিলেশনস ডিরেক্টর সোফিয়া বুকেলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এক অফিশিয়াল বিবৃতি জারি করে পুরো বিষয়টি খোলসা করেছিলেন।  বিবৃতিতে জানানো হয়েছিল -“সোশ্যাল মিডিয়ায় একটি গুজব রটেছে যে কোনও এক অনুরাগী বা ফ্যান শাকিরার পোশাকের নীচ থেকে আপত্তিকর ভিডিও তুলছিলেন। তবে সত্যিটা হল— যিনি ওই সময় একদম নীচ থেকে শুট করছিলেন, তিনি কোনও বহিরাগত বা ফ্যান নন, বরং তিনি শাকিরার নিজস্ব প্রোডাকশন টিমেরই একজন সদস্য ছিলেন।”  

সোফিয়া বুকেলে জানান, ইন্টারনেটে যে ভিডিও ক্লিপটি ছড়িয়েছে তা অত্যন্ত খণ্ডিত ও অসম্পূর্ণ। আসলে শাকিরার অস্বস্তি ড্রেস নিয়ে ছিল না। গায়িকা আসলে ওঁর পারফরম্যান্সের ওই মুহূর্তে চাইছিলেন ভক্তরা যেন ফোনের স্ক্রিনে ব্যস্ত না থেকে ওঁর সঙ্গে মন খুলে নাচেন এবং রাতটা উপভোগ করেন। সেই কারণেই তিনি ফোনের ক্যামেরা সরাতে ইশারা করেছিলেন।

 

ব্যক্তিগত জীবনের ঝড় সামলে আবার বিশ্বজয়ের ট্র্যাকে ‘শেলফ’ ফ্যাশন শো বা মিউজিক কনসার্টে ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে ভুল বোঝাবুঝি নতুন কিছু নয়। তবে এই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে শাকিরার কেরিয়ারের গ্রাফ কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। চলতি বছর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকো সিটিতে পারফর্ম করেছেন চুটিয়ে।  ২০২২ সালের জুন মাসে দীর্ঘ ১১ বছরের লিভ-ইন সম্পর্কের পর বিশ্বকাপজয়ী প্রাক্তন স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সাথে ওঁর বিচ্ছেদ টালমাটাল করে দিয়েছিল গায়িকাকে। পিকের প্রতারণার ধাক্কা সামলে দুই সন্তান মিলান ও সাশাকে নিয়ে বার্সেলোনা ছেড়ে মায়ামিতে পাকাপাকিভাবে চলে আসেন তিনি।  

পপ-কুইনের কামব্যাক অ্যালবাম ‘নারীরা আর কাঁদে না’— ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে একাধিক মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছিল ওই বছরই। মায়ামির নাইটক্লাবের ঘটনাটি যে স্রেফ একটি টেকনিক্যাল ভুল বোঝাবুঝি এবং ওঁর নিজস্ব ক্যামেরাম্যানের কাজের অংশ ছিল, তা স্পষ্ট হওয়ার পর স্বস্তির নিশ্বাস ফেলেছিল ওঁর কোটি কোটি অনুরাগী।