ফের গ্রেফতার বাংলাদেশের বহুল বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল। বিয়ের কথা দিয়ে এক তরুণীকে আটকে রেখে যৌন হেনস্থা ও তাঁর আপত্তিকর ছবি, ভিডিওর তৈরির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে নোবেলকে।
পুলিশ সূত্রে খবর, ২৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটা নাগাদ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে আটক করা হয়। আদালতের জারি করা পরোয়ানা কার্যকর করতেই এই অভিযান চালানো হয়েছে।
মামলার সূত্রপাত গত বছরের ১৩ আগস্ট দায়ের হওয়া এক তরুণীর লিখিত অভিযোগ থেকে। অভিযোগকারিণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে নোবেলের স্টুডিওতে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আটকে রাখা হয়। সেই সময় তাকে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করতে চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ।
আরও জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী গত বছরের ১৩ আগস্ট মামলাটি দায়ের করেন।ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন-কে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি তদন্তকারী অফিসার আদালতে রিপোর্ট জমা দেন। রিপোর্টের ভিত্তিতেই নোবেলসহ আরও তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আদালতের নির্দেশ পাওয়ার পরই অভিযানে নামে দল। প্রধান অভিযুক্ত হিসেবে নোবেলকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে। ডিএমপির ডেমরা থানার পরিদর্শক মুরাদ হোসেন বিতর্কিত এই সঙ্গীতশিল্পীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও পর্যন্ত অন্য অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। পাশাপাশি, মামলার চূড়ান্ত অভিযোগপত্র গঠন বা দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। তদন্ত জোরকদমে চলছে।
&t=313s
এই ঘটনার জেরে সঙ্গীতমহলে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে নজর এখন আদালত ও তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকে।
