একটি ছবির কাজ শেষ না হতেই পরের ছবির শুটিং শুরু! এইমুহূর্তে এতটাই ব্যস্ত সময়ের মধ্য দিয়েই যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী শবনম বুবলীর কেরিয়ার। এই জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী সদ্য শেষ করেছেন রাশেদা আক্তার লাজুক পরিচালিত ছবি ‘শাপলা শালুক’-এর শুটিং। সজল নূরের বিপরীতে অভিনীত এই ছবিটির কিছু অংশের কাজ এখনও বাকি থাকলেও, সময় নষ্ট না করে নতুন ছবির কাজে যুক্ত হয়ে পড়েছেন বুবলী।
যদিও কয়েক দিন আগেই পরিচালক রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমার শুটিং শুরু হলেও বুবলী আজ থেকেই শুটিংয়ে যোগ দিলেন। শিডিউল অনুযায়ী, টানা কয়েক দিন শুটিং করার পর তিনি একটি ছোট ব্রেক নেবেন। এরপর দ্বিতীয় দফার শিডিউলে ছবির বাকি অংশের কাজ শেষ করবেন। প্রায় তিন বছর পর এই ছবির মাধ্যমে ফের একসঙ্গে কাজ করছেন বুবলী ও রাফী। এর আগে চরকি প্রযোজিত ‘৭ নম্বর ফ্লোর’ ছবিতে তাঁদের জুটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই অভিজ্ঞতার রেশ ধরেই নতুন এই জুটি ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে পদ্মাপারের ইন্ডাস্ট্রিতে।

‘প্রেশার কুকার’ ছবিটি নিয়ে বুবলী জানান, এ ছবির গল্প এবং তাঁর অভিনীত চরিত্র দু'টোই তাঁকে আকৃষ্ট করেছে। অভিনেত্রীর কথায়, “গল্পটা আমার খুব ভাল লেগেছে। চরিত্রটাও ভীষণ ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। আর এই ব্যাপারটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”
প্রযোজনা সূত্রে জানা গেছে, এই ছবির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর নারী–কেন্দ্রিক গল্প। প্রচলিত নায়কনির্ভর কাঠামো থেকে বেরিয়ে এসে ‘প্রেশার কুকার’ পুরোপুরি নারীদের জীবন, দ্বন্দ্ব ও দৈনন্দিন চাপকে কেন্দ্র করেই এগোবে। বুবলীর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া সান্তো।
যদিও গল্পের কেন্দ্রে নারীরাই, তবু ছবিতে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র থাকবে। সেই চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে জল্পনা চলছে। সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে জাহিদ হাসান ও চঞ্চল চৌধুরীর নাম। তবে এ বিষয়ে পরিচালক বা প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘প্রেশার কুকার’ মুক্তি পাবে চলতি বছরের ঈদে। এই মুক্তি ইমপ্রেসের জন্যও তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘ ২১ বছর পর তারা ঈদের প্রেক্ষাগৃহে ফিরছে। সংস্থার শেষবার ঈদে মুক্তি পাওয়া ছবি ছিল ২০০৪ সালে, ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’।
উল্লেখ্য, আসন্ন ঈদে বুবলীকে কিন্তু দেখা যাবে আরও একটি ছবিতে। ‘প্রেশার কুকার’-এর পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’, যেখানে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।
