রবিবারের দুপুরে প্রকাশ্যে এল ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত ছবি ‘দম’-এর নতুন পোস্টার। আর পোস্টার সামনে আসতেই যেন আলোচনার আগুন জ্বলে উঠেছে দর্শকমহলে। কারণ নির্মাতাদের দাবি, ‘দম’ কেবল একটি সিনেমা নয়, বরং সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়া মানবিক সাহসের এক শক্তিশালী উপাখ্যান। ছবির ট্যাগলাইনও সেই ইঙ্গিতই দেয় - শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই।
সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?” তার এই মন্তব্যই যেন ছবির আবহকে আরও তীব্র করে তুলেছে।

পোস্টারে ক্লান্ত, বিধ্বস্ত চেহারায় দেখা যাচ্ছে আফরান নিশো-কে। চোখের তলায় ক্ষত। মরুভূমি আর পাহাড়ি প্রান্তরের পটভূমিতে গাধার পিঠে বসে আছেন তিনি, আর তার পেছনে বন্দুক তাক করে এগিয়ে আসছে একদল সশস্ত্র মানুষ। এই দৃশ্যই স্পষ্ট করে দেয়, ছবিটি কেবল মানবিক গল্প নয়, এতে রয়েছে সংঘাত, উত্তেজনা এবং বেঁচে থাকার লড়াইয়ের ইঙ্গিত।

২০২৩ সালের ডিসেম্বরে ছবিটির ঘোষণা করেছিলেন পরিচালক রেদওয়ান রনি। পরের বছর জুলাইয়ে ছবিতে যুক্ত হন নিশো। চরিত্রের প্রয়োজনে ওজন কমাতেও হয়েছে তাকে। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদ।
ছবিটির বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে, বাকি অংশ বাংলাদেশে। নিশো ও চঞ্চল চৌধুরী ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে পূজা চেরি, ডলি জহুরকে। ছোট্ট অথচ বিশেষ একটি চরিতে অভিনয় করছেন জাহিদ হাসান।
এক সাক্ষাৎকারে পরিচালক রনি এই ছবি প্রসঙ্গে বললেন,“দম আসলে সাধারণ একজন মানুষের জ্বলে ওঠার গল্প। এই গল্পটা সবার। ইতিমধ্যেই পোস্টারটি দর্শকের ভাল লাগছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। সামনে আরও অনেক চমক আছে।”
দম-এর প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ আলফা-আই এবং চরকি। রনির পরিচালনায় এটি তৃতীয় ছবি। প্রথম চলচ্চিত্র চোরাবালি দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তিনি। এরপর বানিয়েছিলেন আইসক্রিম। তারপর দীর্ঘ দশ বছরের বিরতি। সেই নীরবতা ভেঙেই এবার ‘দম’ নিয়ে বড়পর্দায় ফিরছেন তিনি।
সব মিলিয়ে প্রথম পোস্টারই ইঙ্গিত দিচ্ছে যে এই ঈদে শুধু নতুন সিনেমা নয়, বড় মাপের এক মানবিক লড়াইয়ের গল্প নিয়ে হাজির হতে পারে ‘দম’।
&t=3s
