স্টার জলসায় আসছে ফের নতুন ধারাবাহিক। জলসার আসন্ন এই ধারাবাহিকের নাম 'বাবলি সুন্দরী'। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে নবাগতা স্নেহা গুড়িয়াকে। তাঁকে 'ডান্স বাংলা ডান্স' রিয়্যালিটি শো-এ দেখা গিয়েছিল প্রতিযোগী হিসেবে। এছাড়াও কয়েকটি ধারাবাহিকে পার্শ্বচরিত্রে ছিলেন তিনি। তবে নায়িকার চরিত্রে এই প্রথমবার দর্শক দেখবেন স্নেহাকে। তাঁর সঙ্গে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা হানি বাফনাকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই মেগার সম্প্রচারের দিনক্ষণ। ২০ মে, বুধবার থেকে প্রতিদিন সন্ধে ছটায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
এতদিন দর্শক এই সময় 'কম্পাস' দেখতেন। এই খবর আসার পর থেকেই দর্শকের মাথায় চিন্তা ঘুরছে তাহলে কি এবার শেষ হয়ে যাবে 'কম্পাস'? যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। কারণ, 'কম্পাস' শেষ হওয়ার জল্পনা অনেকদিন ধরেই চলছিল।
তবে এবার জানা যাচ্ছে, শেষ হচ্ছে না বরং 'কম্পাস'-এর সময় বদলাচ্ছে। ৫:৩০-এর স্লটে চলে যাচ্ছে এই ধারাবাহিক। সময় বদলালে টিআরপিতেও কি এই মেগার প্রভাব কমবে? নাকি গল্পের মোড়ে পিছিয়ে পড়বে এই ধারাবাহিক? সে তো সময়ই বলবে।
কম্পাস-বিহানের গল্পের স্লট বদল হওয়ায় নেটপাড়ায় অনেকেই এর প্রতিবাদ করেছেন। নতুন মেগা আসতে না আসতেই যে এই বদল ঘটবে, তা অনেকেই আশা করেননি।
সম্প্রতি সামনে এসেছে 'কম্পাস' ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, গল্পের নায়ক বিহান নিখোঁজ। ছেলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে বিহানের মা। কম্পাস শাশুড়িকে কথা দেয় যে সে যেভাবেই হোক বিহানকে বাড়িতে ফিরিয়ে আনবেই।
কম্পাস খুঁজতে শুরু করে বিহানকে। বিহানের চশমায় লাগানো ছিল একটা জিপিএস ট্র্যাকার। আর সেটার ফলেই কম্পাস জেনে যায় এই মুহূর্তে কোথায় আছে বিহান। সে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সেই জায়গায়। গিয়ে দেখে, ফাঁকা একটা জায়গায় কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। কম্পাস বিহানের খোঁজ করতেই তারা তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। এর মাঝেই আসে আসল টুইস্ট।
কম্পাস দেখে আলোআঁধারিতে একজন দাঁড়িয়ে। সে জানায় বিহান নামের এখানে কেউ নেই। কিন্তু সে কে? তার মুখ ঠিক মতো দেখতে পায় না কম্পাস। এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অনুভব কাঞ্জিলালকে।
















