জি বাংলার ধারাবাহিক 'কুসুম'-এ বেশ কিছুদিন আগে খলনায়িকার চরিত্রে এন্ট্রি নিয়েছিলেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। তাঁকে দেখা যাচ্ছে 'মেঘা'র চরিত্রে। দেবলীনার বোন মেঘা ছদ্মবেশে ঢুকে পড়েছিল গাঙ্গুলি বাড়িতে। ধীরে ধীরে ইন্দ্রাণীর মন জয় করে মেঘা। মেঘাকে এতটাই পছন্দ হয় যে আয়ুষের সঙ্গে তার বিয়ে ঠিক করে ইন্দ্রাণী। কিন্তু কুসুম ধরে ফেলে মেঘার ষড়যন্ত্র। এরপর চলে টানটান উত্তেজনাপূর্ণ সব পর্ব। 

কিন্তু এখন জানা যাচ্ছে, ধারাবাহিকে আর দেখা যাবে না মেঘাকে। মেঘার চরিত্রের মেয়াদ নাকি এবার ফুরিয়ে এসেছে। সমাজমাধ্যমে এই খবর নিজেই ভাগ করে নিয়েছেন আয়েন্দ্রী। সঙ্গে জুড়েছেন 'মেঘা'র চরিত্রের কিছু ঝলক। ওই পোস্টে আয়েন্দ্রী জানিয়েছেন এই ধারাবাহিকে এই চরিত্রে কাজ করাটা তাঁর খুব কাছের। কিন্তু আর মাত্র কিছুদিন, তারপরেই 'কুসুম'-এ আর দেখা যাবে না মেঘাকে। 

কিন্তু হঠাৎ কেন শেষ হয়ে যাচ্ছে তাঁর চরিত্রটি? আজকাল ডট ইন-কে আয়েন্দ্রী জানান, চরিত্রের মেয়াদ নাকি এইটুকুই ছিল। গল্পের মোড়ে এই চরিত্রকে আর দেখবেন না দর্শক। আবার নতুন কোনও গল্পে, নতুন কোনও চরিত্রে ধরা দেবেন আয়েন্দ্রী। 

প্রসঙ্গত, কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছিল মেঘা ও দেবলীনার চক্রান্তে মৃত্যু মুখে পড়েছিল কুসুম‌। কিন্তু ভাগ্যের জোরে প্রাণে বেঁচে ফিরেছে সে। তবে এখন হাসপাতালে ভর্তি কুসুম। সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে তার। এদিকে, ইন্দ্রাণী ঠিক করে কুসুমের উপর হওয়া এই চক্রান্তের প্রতিশোধ সে নেবেই। এই মেগার আগামী পর্বে দেখা যেতে চলেছে কুসুমকে হাসপাতালে দেখতে আসে আয়ুষ্মান। কুসুমকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগে তার। কিন্তু তবুও কুসুম বা আয়ুষ কেউ মনের কথা একে অপরকে বলে না। এদিকে, ইন্দ্রাণী কুসুমকে বাঁচাতে নিজে হাসপাতালে কুসুম সেজে লুকিয়ে থাকে আর হাতেনাতে দেবলীনাকে ধরে সে। কিন্তু এখনও পর্যন্ত মেঘার মুখোশ খুলে যায়নি। তাই কীভাবে শেষ হয় এই চরিত্রটি সেটাই এখন দেখার। এরপর নতুন কোনও ভিলেন আসবেন কিনা এই ধারাবাহিকে, সেটাই জানার অপেক্ষায় দর্শক মহল।