বিনোদন জগতের গতে বাঁধা ট্রেন্ড নিয়ে বরাবরই খোলাখুলি কথা বলতে পছন্দ করেন অভিনেতা অবিনাশ তিওয়ারি। এবার তাঁর নিশানায় বলিউড। বলিউডের ৬০ বছর বয়সী অভিনেতাদের সিক্স প্যাক অ্যাবস দেখানো করা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন ‘লয়লা মজনু’ খ্যাত এই অভিনেতা। একটি পডকাস্টে তিনি ইন্ডাস্ট্রির এই ‘লোক দেখানো’ কালচার নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন। যদিও তিনি কোনও তারকার নাম তোলেননি, তবে তাঁর ইঙ্গিত থেকেই বলিউড-রসিকরা বুঝে গিয়েছেন অভিনেতার কটাক্ষ।
বলিউড তারকাদের ফিটনেস নিয়ে পাগলামি নতুন নয়। কিন্তু ৬০ বছর বয়সেও সিক্স-প্যাক বা এইট-প্যাক অ্যাবস তৈরি করে পর্দায় নিজেকে জাহির করার প্রবণতা কি আদৌ জরুরি? এমন এক বিতর্কিত প্রশ্ন তুলেই শোরগোল ফেলে দিলেন অভিনেতা অবিনাশ তিওয়ারি। তাঁর মতে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এই অভ্যাসটি কেবলই লোক দেখানো।
অবিনাশ বলেন, “আমি হয়তো এর জন্য সমালোচনার মুখে পড়ব, কিন্তু সত্যিটা তো বলতেই হবে। হলিউডে আর্নল্ড সোয়ার্ৎজেনেগার বা সিলভেস্টার স্ট্যালোন কি ৬০ বছর বয়সে সিক্স-প্যাক নিয়ে ঘুরছেন? তাঁদের প্রয়োজন-ই পড়ে না সেসবের। দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কি এমনটা হয়? কেন এই ট্রেন্ড শুধুমাত্র হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সীমাবদ্ধ? কেন? এই প্রশ্নের উত্তর আমাদের সবার জানা প্রয়োজন।”
অবিনাশের মতে, অভিনয় যদি শিল্প হয় এবং সিনেমা যদি সমাজের কণ্ঠস্বর হয়, তবে সেখানে কেবল ‘লুকস’ বা শারীরিক গঠন বিক্রি করাটা কতটা যুক্তিযুক্ত? অভিনেতা খোঁচা দিয়ে বলেন, “যদি শুধু লুকসই মূল বিষয় হয়, তবে নির্মাতারা মডেলদেরই কাস্ট করতে পারেন। গল্প কোথায়? কাহিনীর গভীরতা কোথায়? আমরা ঠিক কী বিক্রি করছি?”
আজকাল ছবির গুণমানের চেয়ে বক্স অফিসের নম্বর নিয়ে দর্শকদের মধ্যে যে আলোচনা চলে, তা নিয়েও বিরক্ত অবিনাশ। তিনি বলেন, “কেউ শার্ট খুলল, আর পাশে কোনও নায়িকা হাত ধরল—এটাই তো ছবির পোস্টার হয়ে যাচ্ছে। আমরা কি সিনেমা বিক্রি করছি না কি স্রেফ একটা শরীর? শিল্পীর হিসেবে আমার মনে হয়, এসব প্রশ্ন তোলা এখন খুব জরুরি।”
এদিকে ব্যক্তিগত কর্মজীবনেও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন অবিনাশ। আজ, শুক্রবার, ২৪ এপ্রিল মুক্তি পেল তাঁর নতুন ছবি ‘গিনি ওয়েডস সানি ২’। যামি গৌতম ও বিক্রান্ত ম্যাসি অভিনীত ২০২০-র জনপ্রিয় ছবি ‘গিনি ওয়েডস সানি’-র এই স্পিরিচুয়াল সিক্যুয়েলে অবিনাশের বিপরীতে দেখা যাবে মেধা শঙ্করকে। এছাড়া আগামীতে ইমতিয়াজ আলির তত্ত্বাবধানে আরিফ আলির পরিচালনায় ‘ও সাথী রে’ ছবিতে অদিতি রাও হায়দারি ও অর্জুন রামপালের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।
বলিউডের ‘সিক্স প্যাক’ সংস্কৃতি নিয়ে অবিনাশের এই সোজাসাপটা মন্তব্য এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইন্ডাস্ট্রির অন্দরমহলে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া আসে কি না, সেটাই দেখার।
















