‘শাখা প্রশাখা’-র সাফল্যের পর নিয়ে হইচই টিভিতে আসছে নতুন সিরিজ ‘আতঙ্ক’। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সৌমিতৃষা কুণ্ডু। আগামী ২৪ জুন থেকে শুরু করে ১৫ জুলাই পর্যন্ত প্রতি বুধবার মুক্তি পাবে নতুন পর্ব। মোট ২৪টি পর্ব নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ।

'আতঙ্ক' নিয়ে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু বলেন, “কালরাত্রি’ আমার প্রথম কাজ হইচইতে৷ সেই অভিজ্ঞতা আমার মনে এখনও উজ্জ্বল৷ আমি এমন গল্প এবং চরিত্রে অভিনয় করতে ভালবাসি যেগুলি নারীকেন্দ্রিক এবং যার সঙ্গে মহিলারা নিজেদের মিল খুঁজে পেতে পারেন। ‘আতঙ্ক’-এর পূর্বা চরিত্রটিকে যেভাবে নানা স্তর ও বৈচিত্র্যের সঙ্গে নির্মাণ করা হয়েছে, সেটাই আমাকে এই চরিত্রটি বেছে নিতে অনুপ্রাণিত করেছে। এই সিরিজের মাধ্যমে আমি আরও গভীর এক মানসিক জগতে প্রবেশ করার সুযোগ পেয়েছি। পূর্বা এমন এক নারী, যিনি বছরের পর বছর নির্যাতন, ভয় এবং অসহ্য যন্ত্রণার ভার বহন করে চলেছেন। তাঁর কাছে ট্রমা আর বাস্তব দুই যেন এক। জীবনটাই যখন ট্রমা তখন কেমন লাগে?" 
 
সৌমিতৃষা কুণ্ডু বলেন, ‘আতঙ্ক’ এমন একটি গল্প, যা বারবার প্রশ্ন তোলে—সত্যি কী, আর কোনটা শুধুই মনের ক্ষতের প্রতিধ্বনি? এই গল্পের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। আশা করি দর্শকরা আমাদের এই কাজকে ভালোবাসবেন।”

মানবমনের জটিল পথে হইচই প্রবেশ করছে৷  যা একইসঙ্গে বিনোদন এবং মননে সাহায্য করবে৷ কতটা আতঙ্ক ধরাবে এবং সেই আতঙ্কের অভিঘাত কেমন সেটাই দেখার৷