সঙ্গীত জগতে নক্ষত্র পতন। প্রয়াত আশা ভোঁসলে। তাঁর মৃত্যুর সঙ্গেই এক যুগের অবসান। ৯২ বছরে থামল কিংবদন্তি শিল্পীর জীবনের সুর। শনিবার ১১ এপ্রিল রাতে হাসপাতালে ভর্তি হন আশা ভোঁসলে। ২৪ ঘণ্টার মধ্যেই এল দুঃসংবাদ।
আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া গোটা বিশ্বে। প্রবাদপ্রতিম শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ মিতালি সিং। আজকাল ডট ইনের তরফে দুঃসংবাদটি পেয়ে শিউরে ওঠেন গায়িকা। বলেন, “খুবই দুঃখজনক। আমি ভাবতে পারছি না। ওনাকে হারানো মানে পুরো জগৎ অন্ধকার।"
শোকপ্রকাশ করে মিতালি বলেন,“আমার কোনও ভাষা নেই, আমরা একজন লেজেন্ডকে হারালাম। বিশ্বাস করতে পারছি না এই খবর।”
গজল গায়িকা এবং প্লেব্যাক শিল্পী মিতালি সিং প্রয়াত ভূপিন্দর সিং-এর স্ত্রী। ভূপিন্দর সিং-এর সঙ্গে বহু কাজ করেছেন আশা ভোঁসলে। এপ্রসঙ্গে এদিন মিতালি বলেন, "উনি ভূপিজির খুবই কাছের ছিলেন। খবরটা যেন মেনে করতে পারছি না।”
স্মৃতির পাতা হাতড়া মিতালি সিং আরও বলেন, “আমার সঙ্গে অনেক অভিজ্ঞতা রয়েছে। আজ যে কোথা শুরু করব ভাষা হারিয়ে ফেলছি।” একইসঙ্গে বয়সের কাঁটা এগিয়ে গেলেও আশা ভোঁসলে যেভাবে সঙ্গীতচর্চা করে গিয়েছেন তা নিয়ে স্মৃতিচারণা করেন মিতালি। তাঁর কথায়, “তিনি এত স্পোটিং ছিলেন যে ৯২ বছর বয়সেও মঞ্চে পারফর্ম করেছেন। তিনি একজন ইনস্টিটিউট। তিনি আমাদের শিখিয়েছেন অনেক বিষয়।”
প্রসঙ্গত, ১১ এপ্রিল, শনিবার দুপুরের দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে আশা ভোঁসলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকেই তিনি চিকিৎসকদের কড়া নজরদারিতে ছিলেন। জানা গিয়েছিল, বর্ষীয়ান গায়িকার শারিরীক অবস্থার অবনতি হতেই তাঁকে তড়িঘড়ি আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে অভিজ্ঞ কার্ডিওলজিস্টদের একটি বিশেষজ্ঞ দল তাঁর চিকিৎসা করছিলেন। কিন্তু চেষ্টা বিফলে। না ফেরার দেশে আশা ভোঁসলে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ড. প্রতীত সামদানি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
















