২ এপ্রিল পরিচালক নন্দিতা রায়ের জন্মদিন। তাঁর এই বিশেষ দিন উপলক্ষ্যে সমাজমাধ্যমে শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে সৌম্য মুখোপাধ্যায়, প্রমুখ শুভেচ্ছা জানিয়েছেন। বাদ গেলেন না বর্ষীয়ান অভিনেতা অর্জুন চক্রবর্তী।
উইন্ডোজ প্রোডাকশন হাউজের আগামী কাজ এডওয়ার্ড ও ফুল পিসি ছবিতে অভিনয় করেছেন তিনি। এই ছবিতেই তাঁর পরিচালক নন্দিতা রায়ের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা হয়েছে। আর নন্দিতা রায়ের জন্মদিনে সেই স্মৃতিচারণ উঠে এসেছে তাঁর লেখায়।
অর্জুন চক্রবর্তী এদিন লেখেন, 'তোমায় অনেক জায়গায় দেখেছি, পরিচয় হয়নি বলে কথা হয়নি। শিবুর সাথে অবশ্য ৩২ বছরের স্নেহের সম্পর্ক। তারপর একদিন সুযোগ এলো। দেখা হলো, শুনলাম তোমরা আমাকে নিয়ে পরবর্তী ছবিতে কাজ করতে চাও। তোমার মুখে আমার চরিত্রের কাঠামো। চরিত্রের বুনুনি বেশ লাগলো, জিনিয়ার লেখা সর্বোপরি, আরও একটি দিক যা আমাকে টেনে বসিয়ে রেখেছিল, তা হলো তোমার ওই চরিত্র কে ব্যখ্যা করার ধরন।' অভিনেতা আরও লেখেন, 'আমি অভিনয়ের ব্যাপারে একটু খুঁতখুঁতে, সব সময় মনে মনে পাওয়া চরিত্র নিয়ে নাড়াচাড়া করে থাকি, কেবলই মনে হয় এইরম করলে ভালো হতো, ইস এই দিকটি কেন ভেবে দেখলাম না, এই সব আর কি! কিন্তু তুমি যে ভাবে 'মনীন্দ্র চন্দ্র নন্দী' কে তুলে আমার সামনে পেশ করলে তাতে আমার অর্ধেক হোম ওয়ার্ক কমপ্লিট! শুটিং এর সময় তুমি, শিবু আমায় যে ভাবে আগলে রাখলে।'
নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গে অর্জুনের সংযোজন, 'আমার সব কথা তোমার মন দিয়ে শোনা, একধরনের পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান আমার কাজটাকে আরোও সৃষ্টির দিক থেকে সুস্থ সম্পূর্ণতা পাইয়ে দিল। কখন যে ফুল পিসি ও এডওয়ার্ড শেষ দৃশ্যে পৌঁছে গেলাম! আমি অনেক ভালো ভালো মনিষীদের সঙ্গে কাজ করেছি, তাঁরা সবাই নিজের নিজের পরিধির নিরিখে দিকপাল! এই তোমাদের সাথে কাজ করে আমার মাথায় আরও একটি পালক! আজ তোমার জন্মদিন! আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে জন্মদিন একটাই, বাকি সব বেঁচে থাকার শুভেচ্ছা মাত্র। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি তোমার ক্ষেত্রে এটা খাটে না। আমার মনে হয় রোজই তোমার জন্মদিন।'
প্রসঙ্গত উইন্ডোজের প্রযোজনায় আসছে 'ফুলপিসি ও এবংওয়ার্ড'। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। এই ছবিটি ঠিক কোন ঘরানার, তা এখনই খোলসা করতে চাননি পরিচালকদ্বয়। তবে তিনি জানিয়েছেন, ছবির মধ্যে যেমন রহস্য থাকবে, তেমনই থাকবে ড্রামা। সব মিলিয়ে জমজমাট আর মনোগ্রাহী হবে ছবির চিত্রনাট্য। পোস্টার দেখেই বোঝা যায়, এই ছবিতে বিড়ালের একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, লিলি চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়।














