বলিউডের দুই সেরা অ্যাকশন আইকন যখন রিল লাইফ ছেড়ে রিয়াল লাইফের ‘কিল কেজ’ বা খাঁচার লড়াইয়ে মুখোমুখি হন, তখন তাকে আর যাই হোক ‘সাধারণ ম্যাচ’ বলা চলে না। গত কয়েকদিন ধরে ভারতীয় মার্শাল আর্টস ও ক্রীড়া মহলে কান পাতলেই শোনা যাচ্ছে এক অবিশ্বাস্য গুঞ্জন— খুব শীঘ্রই নাকি মুম্বইয়ের এনএসসিআই ডোমে একটি অফিশিয়াল মিক্সড মার্শাল আর্টস এমএমএ) ফাইটে মুখোমুখি হতে চলেছেন বিদ্যুৎ জামওয়াল এবং টাইগার শ্রফ! সোশ্যালে এই খবর আসতেই দুই তারকার অনুরাগীদের উন্মাদনা আকাশ ছুঁয়েছে।  

সিনেমার পর্দায় স্টান্ট বা ডুপ্লিকেট ছাড়া অবিশ্বাস্য সব অ্যাকশন দৃশ্য উপহার দেওয়ার জন্য বিদ্যুৎ এবং টাইগার— দুজনেই বিশ্বজুড়ে প্রশংসিত। তবে দু-জনের লড়াইয়ের ধরন এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণ আলাদা -

বিদ্যুৎ জামওয়াল: মাত্র ৩ বছর বয়স থেকে কেরলের ঐতিহ্যবাহী প্রাচীন মার্শাল আর্ট ‘কালারিপায়াত্তু’-র প্রশিক্ষণ নিয়েছেন বিদ্যুৎ। তাঁর শরীরের অবিশ্বাস্য ফ্লেক্সিবিলিটি এবং মারাত্মক র’ পাওয়ারের শক্তির সামনে যেকোনও পেশাদার ফাইটারেরও হাত-পা কাঁপে।

টাইগার শ্রফ: অন্যদিকে টাইগার হলেন আধুনিক মার্শাল আর্টস যেমন— তায়কোন্ডো, উশু এবং জিমন্যান্সটিকসের মাস্টার। ওঁর পায়ের উড়ন্ত কিক আর চোখের পলকে কাউন্টার অ্যাটাক করার গতি রিংয়ের মধ্যে বিদ্যুৎ গতিতে ঝড় তুলতে পারে। 

হঠাৎ এই লড়াইয়ের কথা মুম্বইয়ের এনএসসিআই ডোমকে ঘিরেই কেন উঠছে, তার পেছনে রয়েছে একটি বড় বাণিজ্যিক সমীকরণ। আসলে ভারতের সবচেয়ে বড় এমএমএ প্রমোশন কোম্পানি ‘ম্যাট্রিক্স ফাইট নাইট’ -এর মালিক স্বয়ং টাইগার শ্রফ এবং তাঁর পরিবার। আর এই এমএফএন-এর ইতিহাসের প্রথম এবং বহু সফল ইভেন্ট এই এনএসসিআই ডোমের খাঁচাতেই আয়োজিত হয়েছে।

খেলোয়াড় মহল মনে করছে, ভারতে এমএমএ-কে আরও জনপ্রিয় করতে এবং নিজের সংস্থাকে গ্লোবাল লেভেলে নিয়ে যেতে টাইগার শ্রফ নিজেই বিদ্যুৎ জামওয়ালকে এই ঐতিহাসিক ‘প্রদর্শনী ম্যাচে’র জন্য চ্যালেঞ্জ জানিয়ে থাকতে পারেন।

বিশেষজ্ঞদের মতে: যদি এই ম্যাচটি সত্যি হয়, তবে এটি ভারতের খেলাধুলো ও বিনোদনের ইতিহাসের সবথেকে বড় শোডাউন বা ‘কমব্যাট স্পোর্টস স্পেক্ট্যাকল’ হতে চলেছে। তবে এখনও পর্যন্ত দুই তারকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি।