বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-খ্যাত অর্চনা পূরণ সিং-এর পরিবারে ঘটে গেল এক বড়সড় বিপত্তি। সাইবার অপরাধীদের কবলে পড়ে মোটা অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হলেন তাঁর ছোটছেলে আয়ুষ্মান শেঠি। সম্প্রতি মুম্বইয়ের এই ঘটনায় ফের একবার সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের নিরাপত্তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা যাচ্ছে, আয়ুষ্মানের ক্রেডিট কার্ড ব্যবহার করে তাঁর অজান্তেই প্রায় ৮৭,০০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই লেনদেনের সময় কোনও ওটিপি বা নিরাপত্তামূলক সংকেত তাঁর ফোনে আসেনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত হয় যখন আয়ুষ্মান লক্ষ্য করেন যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা কেটে নেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি তাঁর পরিবারকে জানান এবং ওশিওয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অর্চনা পূরণ সিং তাঁর ভ্লগে পুরো বিষয়টা তুলে ধরেছেন। ঘটনাটার ব্যাখ্যা দিতে গিয়ে আয়ুষ্মান বললেন, “সাত দিনের ফ্রি ট্রায়ালের কথা বলে ওরা পুরো বছরের টাকা কেটে নিয়েছে।” অবাক হয়ে অর্চনা প্রশ্ন করেন, “৮৭,০০০ টাকা?” এরপর তিনি আবারও জোর দিয়ে বললেন, “ক্রেডিট কার্ডটা ক্যানসেল করো।” ঠিক তখনই পরমিত শেঠি পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন এবং ছেলেকে বুঝিয়ে বললেন, “কার্ড ক্যানসেল করো না, পেমেন্টটা ক্যানসেল করো।”
সেই মুহূর্তে কী করতে হবে বুঝতে না পেরে আয়ুষ্মান জিজ্ঞেস করলেন, “সেই অপশনটা আমি কোথায় পাব?” তাঁর এই কথা শুনে পুরো পরিবার হাসিতে ফেটে পড়ল; উত্তেজনায় ঠাসা পরিস্থিতিটা মুহূর্তেই যেন বেশ মজার হয়ে উঠল। হাসাহাসি সেখানেই থামল না। অর্চনার বড়ছেলে আর্যমান মজা করে বললেন, “তুমি এই টাকা বাবা-মার থেকে কিন্তু নিতে পারবে না।” অর্চনা আরও বললেন, “এটা তোমার নিজের টাকা।” নিজের সাফাই গেয়ে আয়ুষ্মান বললেন, “আমি এটা বাবার জন্যই করেছিলাম!”
পরমিত হাসলেও অর্চনা চট করে ধরিয়ে দিলেন, “ও তোমার থেকেই এই টাকাটা উসুল করে নেবে, তারপরেও তুমি এত খুশি কেন?” পরমিত উত্তর দিলেন, “আমি খুশি নই, আমি শুধু ভাবছি এই ব্যাপারটা নিয়ে ও কতটা প্যানিক করছে।” এরপরে যদিও আয়ুষ্মানকে ভিডিও গেম খেলতে দেখা যায়। অর্চনার ভিডিওতে তিনি জানান, এই মুহূর্তে তো তাঁর কিছু করার নেই, তাই মন খারাপ করে লাভ নেই।
















