অভিনেতা হিসেবে বলিউডে নিজের জায়গা তৈরি করলেও, সৃজনশীলতার বেড়াজালে আটকে পড়তে চাননি অনুরাগ কশ্যপ। বারবার একই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসায় বিরক্ত হয়ে একসময় অভিনয় থেকেই বিরতি নিয়েছিলেন এই প্রতিভাবান নির্মাতা। সম্প্রতি তেলেগু ছবি ‘ডাকাত’ -এ অভিনয় করে আবারও শিরোনামে তিনি। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে মুখ খুললেন ৫৩ বছর বয়সী এই তারকা।

 

পরিচালক হিসেবে তিনি যতটা নির্ভীক, অভিনেতা হিসেবে ততটাই খুঁতখুঁতে অনুরাগ কশ্যপ। অদিভি শেষ এবং ম্রুণাল ঠাকুর অভিনীত তেলেগু ছবি ‘ডাকায়েত’-এর হাত ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখলেও, দীর্ঘদিনের অভিনয় সফর মোটেও মসৃণ ছিল না তাঁর কাছে। অনুরাগ জানালেন, বারবার একঘেয়ে চরিত্র অফার আসায় তিনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন।

 

এক সাক্ষাৎকারে অনুরাগ কশ্যপ বলেন, “লোকে আপনাকে পর্দায় একটা নির্দিষ্ট ধাঁচের চরিত্রে দেখতে অভ্যস্ত হয়ে যায়, আর তার ফলে বারবার একই রকম চরিত্র আপনার কাছে আসতে থাকে। আমার কাছে আসা চরিত্রগুলো মনে হচ্ছিল যেন একই চরিত্রের ভিন্ন ভিন্ন সংস্করণ।” অনুরাগ সাফ জানালেন, তিনি শুধুমাত্র পর্দায় মুখ দেখানোর জন্য অভিনয় করতে চাননি। তাঁর কাছে কাজের মূল উদ্দেশ্য ছিল—অভিনয় যেন তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারে। সেই সৃজনশীল তৃপ্তি না মেলায় সচেতনভাবেই তিনি অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।


বিরতি কাটিয়ে ফেরার পর এখন অনুরাগ কেবল চ্যালেঞ্জিং চরিত্রের সন্ধানেই থাকেন। ‘ডাকাত’ ছবিতে তাঁর কাজ সেই পরিকল্পনারই অংশ। তিনি বলেন, “আমার কেরিয়ারের যাত্রাপথে অনেক উত্থান-পতন দেখেছি। কিছুই চিরস্থায়ী নয়। না কোনও ট্রেন্ড, না কোনও মানুষের দৃষ্টিভঙ্গি। প্রতিটি শুক্রবারই নতুন। আর তাই নিজেকে বারবার নতুন করে গড়ে তুলতে হয়। যদি তা না করেন, তবে আপনি নিজেরই একটি গতে বাঁধা সংস্করণে আটকে পড়বেন।”
অনুরাগ মনে করেন, ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি থাকা সত্ত্বেও চরিত্রের নতুনত্ব বজায় রাখা জরুরি। নিজেকে নতুনভাবে আবিষ্কার করার নেশাতেই এখন তিনি বেছে বেছে প্রজেক্ট করছেন, যাতে দর্শক তাঁকে গতানুগতিক চরিত্রে না দেখেন।