সমাজমাধ্যম ও টেলিভিশন দুনিয়ায় পরিচিত নাম ইউটিউবার অনুরাগ ডোবাল। যিনি ‘ইউকে৭ রাইডার’ নামেও জনপ্রিয় এবং ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর আরও বেশি পরিচিতি পান। সম্প্রতি তাঁর একটি আবেগঘন ভিডিও ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সেই ভিডিওতে অনুরাগ নিজের পরিবার, বিশেষ করে বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। তবে এবার তাঁরই ভাই সামনে এসে সেই সব অভিযোগের জোরালো জবাব দিলেন।  


কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি ভিডিও পোস্ট করেন অনুরাগ। সেখানে তিনি দাবি করেন, ভিন্ন জাতে বিয়ে করার কারণে পরিবার তাঁর উপর মানসিক চাপ ও অত্যাচার করেছে। এমনকী তিনি বলেন, এই পরিস্থিতির জন্য তিনি গভীর হতাশার মধ্যে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছেন। ভিডিওতে তিনি আরও জানান, তাঁর ব্যক্তিগত জীবনেও সমস্যা তৈরি হয়েছে এবং স্ত্রী ঋতিকার সঙ্গে সম্পর্কেও দূরত্ব এসেছে। 

এই ভিডিও প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনুরাগের অনেক অনুরাগীই তাঁর জন্য উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু এর মধ্যেই বড় মোড় আসে। অনুরাগের ভাই কলম ডোবাল প্রকাশ্যে এসে তাঁর ভাইয়ের করা অভিযোগগুলিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। 

কলমের দাবি, অনুরাগের ভিডিও আসলে সহানুভূতি পাওয়ার জন্য তৈরি করা নাটক। তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু স্ক্রিনশট ও কথোপকথনের প্রমাণও শেয়ার করেছেন। তাঁর অভিযোগ, অনুরাগ নিজের স্ত্রী ঋতিকার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন এবং সেই কারণেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। 

এছাড়াও কলম বলেন, অনুরাগ আগে নিজের পরিবার-বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে আইনি মামলা করেছিলেন, যা শেষ পর্যন্ত টেকেনি। তাঁর মতে, এসব ঘটনার পর সহানুভূতি পাওয়ার জন্যই অনুরাগ ওই আবেগঘন ভিডিও প্রকাশ করেছেন। 

এই ঘটনাকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে। একদিকে অনুরাগের সমর্থকেরা তাঁর পাশে দাঁড়াচ্ছেন, অন্যদিকে অনেকেই কলমের দাবি নিয়েও আলোচনা করছেন।

সব মিলিয়ে, ভাই-ভাইয়ের এই প্রকাশ্য দ্বন্দ্ব এখন নেটদুনিয়ায় বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে সত্যি কী, তা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়ে গিয়েছে এবং বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে।