কয়েক মাস আগে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইউটিউবার উকে ০৭ রাইডার অর্থাৎ অনুরাগ ডোভাল। সেই সময় তিনি তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগে এনেছিলেন। এবার একটি নতুন ভিডিও পোস্ট করে জানালেন, তাঁর স্ত্রী যখন গর্ভবতী ছিলেন সেই সময় তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন। অনুরাগের দাবি, গর্ভাবস্থায় ঋতিকা তাঁর প্রিয় বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়ান। শুধু এই দাবি করেই ক্ষান্ত হননি অনুরাগ। তিনি এদিন ঋতিকার বিরুদ্ধে একাধিক প্রমাণও প্রকাশ্যে এনেছেন। দেখিয়েছেন গর্ভাবস্থায় ঋতিকা কীভাবে সেই ব্যক্তির সঙ্গে সময় কাটাতেন তার ভিডিও।
অনুরাগ তাঁর ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি গান প্রকাশ করেছেন, তার নাম দিয়েছেন অনাথ। তাঁর দাবি এই গানে তাঁরই জীবনীকে তুলে ধরেছেন। এই একই ভিডিওতে অনুরাগ জানান ঋতিকা পরকীয়া করছেন। একটি স্ক্রিনশট দেখান যেখানে দেখা যাচ্ছে সেই ব্যক্তি ঋতিকাকে প্রেমিকা বলে উল্লেখ করেছেন। যদিও অনুরাগের স্ত্রী স্পষ্ট করে দেন, এমন কিছু নয়। তিনি আর সেই ব্যক্তি কেবলই প্রিয় বন্ধু।
এই ভিডিওর শেষে অনুরাগ জানান ঋতিকার এই প্রিয় বন্ধু তাঁদের বাড়িতে একাধিকবার এসেছেন ঋতিকার দুই ভাই এরিক এবং রোহিতের সঙ্গে। শুধু তাই নয়, তিনি নাকি গিয়ে সেই ব্যক্তির বাড়িতে ১৫ দিন কাটিয়ে এসেছেন। ঋতিকার মা নাকি তাঁকে উস্কানি দেন অনুরাগের সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য।
অনুরাগের দাবি যেহেতু তাঁর স্ত্রী জানেন যে তাঁর পাশে তাঁর বাবা মা নেই, সেটার সুযোগ নিচ্ছেন। আর্থিক, আইনি এবং মানসিক ভাবে তাঁকে হ্যারাস করছেন ঋতিকা। এমনকী অনুরাগ এও জানান তাঁর স্ত্রী এই সন্তানকেও নষ্ট করে দিতে চেয়েছিল। কিন্তু এত কিছু জেনেও তিনি সব মুখ বুজে সহ্য করছেন তাঁর সন্তানের জন্য। ছেলেকে দেখার জন্য ৩৭ লাখ টাকা দিয়েছেন অনুরাগ, জানিয়েছেন তিনি এমনটাই। তাও নাকি তাঁর ছেলের সঙ্গে ঠিকভাবে তাঁকে দেখা করতে দেওয়া হয় না। অনুরাগের এই দাবি নিয়ে ফের হইচই পড়ে গিয়েছে।
















