বিখ্যাত ইউটিউবার এবং 'বিগ বস ১৭' খ্যাত অনুরাগের ডোভালের জীবনে শুরু হল নতুন অধ্যায়। নেট দুনিয়ায় 'ইউকে ০৭ রাইডার' নামেই পরিচিত তিনি। ২৭ মার্চ অনুরাগ ও তাঁর স্ত্রী ঋতিকার কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। এই আনন্দের খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই দম্পতি।
জানা গিয়েছে, রাম নবমীর পুণ্য তিথিতেই তাঁদের কোল আলো করে এসেছে এই নতুন অতিথি। ঋতিকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নবজাতকের ছোট্ট পায়ের একটি মিষ্টি ছবি পোস্ট করে লিখেছেন, 'রাম নবমীর এই পবিত্র মুহূর্তে ঈশ্বর আমাদের জীবনের সেরা উপহারটি দিয়েছেন।' অনুরাগের অনুরাগীরা এই খবরটি পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত। বিনোদন জগতের সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা সকলেই নতুন বাবা-মায়ের জন্য শুভকামনা জানিয়েছেন। অনুরাগ কিংবা ঋতিকা যদিও জানান তাঁদের ঘরে পুত্র না কন্যা সন্তান এসেছে।
তবে এই খুশির খবরের পাশাপাশি ঋতিকা তাঁর জীবনের কিছু কঠিন সময়ের কথাও ভাগ করে নিয়েছেন। গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চলা ট্রোলিং এবং ভুল বোঝাবুঝি নিয়ে মুখ খুলেছেন তিনি। ঋতিকা স্পষ্ট জানিয়েছেন যে, তিনি কোনও ইনফ্লুয়েন্সার নন এবং নিজের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার সামনে আনতে পছন্দ করেন না। এর মানে এই নয় যে তাঁর গল্পের কোনও অস্তিত্ব নেই। তিনি বলেন, "একজন নারী হিসেবে আমি সবসময় চেয়েছি আমার ঘর যেন না ভাঙে। কোনও মেয়েই চায় না তার পরিবার এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাক।"
নিজের সন্তানের সুরক্ষার কথা ভেবেই তিনি এতদিন চুপ ছিলেন বলে জানান। ঋতিকার কথায়, নেতিবাচকতা যেন তাঁর সন্তানের পবিত্র জীবনকে স্পর্শ করতে না পারে, সেটাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন যে, কঠিন সময়ে যখন তিনি সবাইকে আগলে রেখেছিলেন, তখন অনেকেই তাঁর পাশে ছিলেন না। তবুও সমস্ত তিক্ততা ভুলে তিনি এখন নিজের সন্তান এবং পরিবারের সঙ্গে শান্তির জীবন বেছে নিতে চান।
এদিকে, অনুরাগ ডোভালের জন্য গত কয়েক সপ্তাহ বেশ কঠিন ছিল এবং সাম্প্রতিক খবরগুলো সেই প্রেক্ষাপটেই সামনে এসেছে। এর আগে এই ইউটিউবার একটি আবেগঘন ভিডিও ভাগ করে সংবাদমাধ্যমের আলোচনায় এসেছিলেন, যেখানে তিনি নিজের বিষণ্ণতার লড়াই নিয়ে খোলাখুলি কথা বলেন। সেই ভিডিওতে অনুরাগ অভিযোগ করেছিলেন যে তাঁর পরিবারের সদস্যরা তাঁর সমস্ত সম্পত্তির দখল নিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন যে এই কঠিন সময়ে তাঁর স্ত্রীও তাঁর থেকে দূরত্ব তৈরি করে নিয়েছেন এবং এই মুহূর্তে একমাত্র সন্তানই তাঁর বেঁচে থাকার শেষ অবলম্বন। যদিও অনুরাগের অ্যাক্সিডেন্টের সময় ঋতিকাকে সব সময় তাঁর পাশে থাকতে দেখা গিয়েছিল। কিন্তু এর মাঝেই ছেলেকে ত্যাজ্য করেছেন অনুরাগের বাবা। এবার পরিবারে নতুন সদস্য আসায় ইউটিউবারের পারিবারিক সংঘাত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার।
















